রহস্য দোতলার কক্ষটি ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো একটি ভবনের দোতলার কক্ষ। বাইরে থেকে ট্রেনের হুইসেল ও বিমানের শব্দ ভেসে আসে। এই কক্ষেই টানা ছয় দিন আটক রাখা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে। প্রথম তিন দিন কিছু না করা হলেও এর পর থেকে শুরু হয় মারধর। নির্যাতন সইতে না পেরে তিনি চিৎকার করলে উচ্চশব্দে গান বাজিয়ে দিত অপহরণকারীরা।
মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মৃদুল চৌধুরী গত বৃহস্পতিবার মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে এসব উল্লেখ করেন।
জবানবন্দিতে অপহরণকারীদের পরিচয় উল্লেখ করেননি মৃদুল। ছয় দিন আটক রাখার পর ১৫ ফেব্রুয়ারি অপহরণকারীরা তাঁকে কুমিল্লার বুড়িচংয়ের কংসবাজার এলাকায় ফেলে যায়।
মৃদুলের পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতে তাঁর দেওয়া জবানবন্দির সূত্র তদন্ত করলে অপহরণকারীদের শনাক্ত করা যাবে।
এ বিষয়ে দুদকের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মৃদুল চৌধুরী তাঁর জবানবন্দিতে যে ঘরের বিবরণ দিয়েছিলেন সেটি খুঁজে বের করতে হবে। ঘরে অফিস কথাটি লেখা আছে বলে জবানবন্দিতে উঠে এসেছে। ওই অফিসটি কিসের অফিস? বিমানের শব্দ ও রেলের হুইসেলের শব্দ শোনা যায়, এমন স্থান চিহ্নিত করতে হবে। এতেই বেরিয়ে আসবে কারা নির্যাতন ও অপহরণের সঙ্গে জড়িত।’
পুলিশ বলছে, মৃদুল চৌধুরীর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই চলছে। দোতলার ওই ঘরে কারা তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে কেন মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিল, এসব প্রশ্ন সামনে রেখে তদন্তে এগোচ্ছে পুলিশ।
তবে পুলিশি তদন্তে অপহরণকারীদের পরিচয় বেরিয়ে আসবে কি না, এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় দায়ের করা মামলার বাদী মৃদুল চৌধুরীর ছোট ভাই শিমুল চৌধুরী বলেন, ‘আমার ভাইয়ের চোখ বাঁধা থাকায় অপহরণকারীদের চিনতে পারেননি। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপহরণকারীদের চিহ্নিত করা হোক।’
মামলার তদন্ত কর্মকর্তা নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে মৃদুল চৌধুরীর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না। মৃদুল চৌধুরী জবানবন্দিতে উল্লেখ করেন, তাঁকে যে ঘরে রাখা হয়েছে তাতে অফিস কথাটি লেখা আছে। দোতলা একটি কক্ষে ছয় দিন রাখা হয়। প্রথম তিন দিন কিছুই করা হয়নি। ১৪ ফেব্রুয়ারি জুমার নামাজের পর একজন লোক এসে তাঁকে নির্যাতন করেন। মারধরের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তিনি চিৎকার করলে জোরে গান বাজিয়ে দেওয়া হয়। কক্ষে বসে বিমানের শব্দ ও রেলের হুইসেল ধ্বনি শুনতে পেয়েছেন তিনি। ছেড়ে দেওয়ার দিন ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টায় একজন লোক মৃদুলকে বলেন, ‘তোর জন্য মিডিয়ায় এত লেখালেখি কেন? তোর কোনো বড় আত্মীয় আছে নাকি? র‌্যাব-পুলিশ ডিবিও আমাদের পেছনে লেগেছে।’ পরে চোখ বেঁধে একটি গাড়িতে তুলে ওই দিন রাত তিনটার দিকে কুমিল্লায় নামিয়ে দেয় তাঁকে অপহরণকারীরা।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নগরের টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে র‌্যাব ও ডিবি পরিচয়ে মৃদুল চৌধুরীকে অপহরণ করে দুবৃর্ত্তরা।
৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে গত ৩ ডিসেম্বর মৃদুল চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে র‌্যাব-২-এর কর্মকর্তা মেজর রাকিবুল আমিন, ফাহাদ চৌধুরী ও তাঁর গাড়িচালক বাবুল পালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি ঢাকার সিআইডি তদন্ত করছে। নির্যাতন চালানোর সময় অপহরণকারীরা মামলা করায় তার ওপর ক্ষুব্ধ হয় বলে জবানবন্দিতে মৃদুল চৌধুরী উল্লেখ করেন।