রহস্যপত্র
অনেক দিন পর একখানা পত্র হাতে পেয়ে ভীষণ অবাক হলাম। পত্রটি হাতে নিয়ে ভাবি, এই ডিজিটাল যুগে পত্র লেখার প্রচলন এখনো বিদ্যমান! আরও অবাক হলাম, পত্র প্রেরকের নাম আমার পরিচিতিতে আসছে না। কে পত্রটি পাঠাল? ভুল ঠিকানায় আসেনি তো? খামের ওপরের ঠিকানাটা আবার পড়ে নিলাম। না, ঠিকই তো আছে। হাতের লেখা দেখেও পরিচিত কাউকে মনে পড়ছে না। দীর্ঘ পাঁচ বছর পর এই প্রথম কোনো চিঠি আমার হাতে এল। তবে আগের মতো সেই হলুদ খামে কিংবা এয়ারলাইনস খামে নয়, বাদামি রঙের খামে। আট ইঞ্চি দৈর্ঘ্য, পৌনে চার ইঞ্চি চওড়া। অনেকটাই ফুলেফেপে ভারী হয়ে আছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খামটা খুললাম। ও মা, একি! খামের ভেতর আরেকটি খাম! সেই খামও খুললাম; তার ভেতর আরেকটি খাম। সেই খামও খুললাম; তার ভেতর আরেকটি খাম। তারপর আরেকটি। তারপর আরেকটি। ধুত্তরি! পত্রের নিকুচি করি। আবার ভাবলাম, এইবার শেষ। পত্র যুগেও তো এমন করে কেউ চিঠিপত্র লেখেনি!এবারের খামটি খুলে কিছু একটা পাওয়াও গেল। আসলে এটাও একটা খাম। তবে খামের আকার আগেরটার চেয়ে সংকীর্ণ। প্রথম খামের পর যতগুলো খাম খোলা হয়েছে, সব কটি হাতে বানানো এবং শৈল্পিক আদলে। ভেতরের প্রতিটি খামের ওপরে লেখা, ‘পরবর্তী খামে অনুসন্ধান করুন’।আমি যেন উন্মাদ হয়ে গেলাম। গভীর সমুদ্রে মুক্তাওয়ালা ঝিনুক খুঁজতে চেষ্টা চালিয়ে গেলাম। অনেক দিন পর চিঠি পড়ব বলে অতি আয়েসে বসে ছিলাম উঠানের পেয়ারাতলায়। খানিক পর উঠানের দিকে তাকিয়ে দেখি রীতিমতো খামের ছেঁড়া কাগজের স্তূপ হয়ে গেছে। অগণিত খাম খোলার পর এই বুঝি কাঙ্ক্ষিত খাম পাওয়া গেল। শেষ খাম ভেবে, সেই কনিষ্ঠ খামে সূর্যরশ্মি ফেলে ভালো করে পরখ করে নিলাম।এবার রহস্য উন্মোচিত হলো। সেই খামে পাওয়া গেল একটা চিরকুট। তাতে লেখা আছে একটা মোবাইল ফোনের নম্বর। লেখার ধরন ঠিক এ রকম: একটি জনপ্রিয় নেটওয়ার্ক ০১... এই হলো আমার মোবাইল নম্বর। ইতি তোর ঘনিষ্ঠ বন্ধু আনন্দ দে।’তৎক্ষণাৎ ফোন দিয়ে জানতে পারলাম ও পাঁচ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে। এত দিন পর দেশে ফিরে আমার সঙ্গে ও এই রসিকতাটুকু করবে না, তাই কি হয়! হাসতেই হাসতেই ফোন দিলাম পুরোনো বন্ধুকে।প্রভাত সরকারটাঙ্গাইল।