রহস্যময় ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল পৌনে চারটা। এমন সময় ফোন বেজে উঠল। অবেলায় ফোন ধরতে কার ইচ্ছে করে। তবুও ধরলাম। নানির গলা—‘অ্যাই, তোরা তাড়াতাড়ি আয়, তোর নানার শরীরটা জানি কেমন করছে! তোদের খুব দেখতে চাইছেন।’ আমার নানির বাড়ি বগুড়ার আদমদীঘি গ্রামে। এই অবেলায় নানির কথা শুনে চমকে উঠলাম। দুঃসংবাদ আম্মুকে জানাতে ইচ্ছা করছে না, তবুও বললাম। আর আম্মুও পাগলের মতো তাড়াতাড়ি তৈরি হয়ে আমাকে ও ভাইয়াকে নিয়ে বের হয়ে পড়লেন। সেদিন ছিল শুক্রবার। আর আমাদের রওনা হতে হতে ছয়টা বেজে গেল। রাস্তা প্রায় ফাঁকা, তাই ড্রাইভারকে আম্মু জোরে গাড়ি চালাতে বললেন। আর আম্মু সারা রাস্তায় আমার সঙ্গে কোনো কথাই বললেন না। আম্মুর নিশ্চয়ই খুবই মন খারাপ। ঢাকা পার হতে বেশিক্ষণ লাগল না। এরপর আমরা যমুনা সেতু পার হই। রাস্তা ফাঁকা, তবুও হঠাত্ একটি ট্রাক আমাদের সামনে। আমরা এর সামনে যেতে চাইলেই সে বাধা দেয়। বাধ্য হয়ে আমাদের চালককে গাড়ি থামাতে হয়। সামনে ওই ট্রাকটি ছাড়া কোনো গাড়ি নেই। আমরা ট্রাকটির এই রহস্যময় আচরণের কারণ কিছুই বুঝতে পারলাম না। আম্মু চালককে বললেন জোরে চালিয়ে ট্রাকটিকে পেছনে ফেলতে। ড্রাইভার জোরে গাড়ি চালালেন। আর এমন জোরে ট্রাক ধাক্কা দিল, আমরা প্রায় পড়েই যাচ্ছিলাম। কিন্তু স্পিড কমিয়ে চালক গাড়ি আবার নিয়ন্ত্রণে আনেন। আমরা খুবই ভয় পেয়ে যাই। এরপর আমাদের গাড়ি ট্রাকের পেছনে পেছনে আসতে থাকে। এভাবে ৯-১০ কিলোমিটার যাওয়ার পর আমরা বগুড়া গিয়ে ঢুকি। তখনো বিপজ্জনক সেই ট্রাক আমাদের সামনে। রাস্তায় শুধু আমাদের গাড়ি আর ওই ট্রাক। প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল—ট্রাক থেকে কোনো দুষ্কৃতকারী নেমে এসে এই বুঝি আমাদের গতিরোধ করবে। অস্ত্রের মুখে ছিনিয়ে নেবে সবকিছু। এরপর আমরা অনেক কষ্টে এবং খুব বুদ্ধি করে সেই ট্রাকটির আগে গেলাম। দেখলাম, একটা ভয়ংকর ছায়া আমাদের গায়ে এসে পড়ল। আমরা সেই ট্রাকের চালকের সিটে কাউকে পরিষ্কার দেখতে পেলাম না। দেখলাম, ট্রাকের মাল রাখার জায়গায় সাদা কাপড় বিছানো। এরপর আমরা গাড়ি জোরে টেনে আদমজী পৌঁছে গেলাম। কিন্তু ট্রাকটির কোনো নম্বর ছিল না।আমরা যেতে না-যেতেই কান্নার রোল উঠল। আমার নানা আর নেই।এখনো এই কাহিনি মনে পড়লে আমার মনে প্রশ্ন জাগে—ট্রাকটির নম্বর নেই কেন? ট্রাকটি আমাদের আগে যেতে দিচ্ছিল না কেন? ট্রাকটি আমাদের ধাক্কা মেরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল কেন? তাহজিব সেলিম আহমেদঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ