রহস্যের নাম সুচিত্রা সেন

প্রায় ৩০ বছর লোকচক্ষুর অন্তরালে নীরবে-নির্জনে রহস্যময়ী হয়ে থাকার পর বাঙালির ‘গ্ল্যামার কুইন’ সুচিত্রা সেন ১৭ জানুয়ারি মহাপ্রস্থান করলেন। চলে যাওয়ার সময়ও আবদ্ধ কফিনে তিনি রক্ষা করে গেলেন তাঁর চিরকালের রহস্যের মেদুরতাকে।
পর্দায় সুচিত্রা সেনের অপূর্ব উপস্থিতি, রোম্যান্টিক চরিত্রে একাকার হয়ে যাওয়ার ক্ষমতা, পরিপাটি দাঁত, মাধুরীমাখা হাসি, টানা মায়াবী চোখ, মধুমাখা কণ্ঠস্বর, বঙ্কিম গ্রীবা—সব মিলিয়ে বাঙালি সৌন্দর্যবোধের নিখুঁত মিশ্রণ তাঁকে দিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের দর্শকদের হূদয়ে স্থান, করে তুলেছে মহারানি। পর্দার বাইরে তাঁর ঋজু ব্যক্তিত্ব, স্বেচ্ছা-নির্বাসন, রহস্যময় আচরণ ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁকে করে তুলেছে অপ্রাপ্য, জন্ম দিয়েছে তীব্র আগ্রহ ও কৌতূহল।
অভিনয়-জীবনের প্রায় সূচনাতেই সুচিত্রার তীক্ষ্ন সৌন্দর্য নজরে কাড়ে চিত্রামোদীদের। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য (১৯৫৩) ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে বসন্ত চৌধুরীর বিপরীতে অভিনয় করে সুচিত্রা সেন লাইমলাইটে আসেন। অভিনেত্রী মালা সিনহা এ ছবিতে তাঁকে দেখে বলেছিলেন, ‘কী করে একটি মেয়ে এত সুন্দর, সহজ ও পবিত্র হতে পারে? নিখুঁত মুখ, সলজ্জ চাহনি, ডাগর কালো এক্সপ্রেসিভ চোখ, অপূর্ব কণ্ঠস্বর—সব মিলিয়ে অষ্টম আশ্চর্য।’
১৯৭৮ সালে প্রণয়পাশা ছবিতে অভিনয়ের পর সুচিত্রা সেন অভিনয়জগৎ ও জনজীবন থেকে অন্তরালে স্বেচ্ছা-নির্বাসন বেছে নেন। এভাবে লোকচক্ষুর অন্তরালে কাটে তাঁর প্রায় ৩৫ বছর। এই স্বেচ্ছা-নির্বাসন নিয়ে জল্পনা-কল্পনা চললেও তিনি নিজে কিছু বলেননি। তবে অসুখী দাম্পত্যজীবন, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ও ১৯৬৯ সালে সময়ে স্বামীর অকালমৃত্যু ও আধ্যাত্মিকতার দিখে ঝোঁক তাঁর ব্যক্তিজীবনে প্রভাব ফেলে।
কিন্তু সুচিত্রা সেন কেন অনন্য? কেন তাঁকে ঘিরে রহস্যের ছায়া? এ প্রশ্নের জবাব হতে পারে অনেক। সুচিত্রা সেন চিত্রজগতে আসেন ’৪৭-উত্তর পরিবেশে মহাযুদ্ধ ও উপমহাদেশ বিভক্তির ধ্বংস ও উত্তেজনার পর। দর্শকেরা তাঁর মধ্যে একটি নতুন রূপ প্রত্যক্ষ করে। সেটি ছিল সৌন্দর্য ও প্রেমের চিরায়ত বাঙালিয়ানার প্রতীক। সুচিত্রার অভিনয়, লাবণ্য, শাড়ি পরার ধরন, চুল বাঁধা, অমলিন হাসি, হাঁটাচলা, ঘাড় বাঁকিয়ে তাকানো ভক্তহূদয়কে গভীরভাবে স্পর্শ করে। তারা উন্মুখ হয়ে তাঁর নিখুঁত মুখশ্রীর সৌন্দর্য পান করতেন। সুচিত্রার ছবির পরিচালকেরাও এর ব্যবহার করেছেন সর্বোচ্চ। সুচিত্রার চলচ্চিত্র মানেই ক্লোজআপের পর ক্লোজআপ। সেকালে পেছনে ব্যাকলাইট জ্বালানো ও লেন্সে নেট-লাগানো সেই ক্লোজআপে সুচিত্রার চেহারা হয়ে উঠত অপার্থিব।
সুচিত্রার জনপ্রিয়তার উল্লেখযোগ্য অংশ নিশ্চিতভাবে এসেছে উত্তম কুমারের সঙ্গে তাঁদের জুটির অসামান্য সাফল্য থেকে। পর্দায় তাঁদের ঠোঁটে গান গাওয়া হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ও তাঁদের সাফল্যে কম অবদান রাখেননি।
সময়ও একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে সুচিত্রা সেনের মহানায়িকা হওয়ার পেছনে। ১৯৫০ ও ১৯৬০-এ দশক ছিল বিশ্বব্যাপী সৃজনশীলতার বছর। এর প্রভাব পড়ে বাংলাতেও। সুচিত্রা ছিলেন এই দুই দশকেরই ‘স্বপ্নের দেবী’ পর্দালোকের। তিনি চিত্রজগৎ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারে যথাযথ সময়ে। এ ব্যাপারে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের মন্তব্যটি স্মরণযোগ্য। মাধবী বলেছেন, উনি (সুচিত্রা) জানতেন কখন থামতে হয়। আমরা অনেকে তা পারিনি। আসলে এই থেমে যাওয়াটাও জীবন ও শিল্পের অনুষঙ্গ। থামতে না জানলে পচে যাওয়ার আশঙ্কা থাকে।’ এই অপ্রাপ্যতা ও দূরত্ব সুচিত্রার ওপর ফেলেছিল অতিরিক্ত রহস্যের আভা।
সুচিত্রা সেনের ছিল অসম্ভব ব্যক্তিত্ব। সবার সঙ্গে মিশতেন না। রুচি ও আত্মমর্যাদাবোধ ছিল প্রখর। সত্যজিৎ রায়কে দেবী চৌধুরাণী ছবির জন্য দীর্ঘ ও একান্ত শিডিউল দেননি। গুলজারকেও একটি ছবির প্রস্তাব ফিরিয়ে দেন বয়সের কথা ভেবে। তিনি সবচেয়ে বিরক্ত হয়েছিলেন ডাকসাঁইটে নির্মাতা-অভিনেতা রাজকাপুরের আচরণে। রাজকাপুর তাঁর কাছে ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে এসে গোলাপ ফুলের তোড়া রেখে সুচিত্রার পায়ের কাছে বসে পড়েন। সুচিত্রা বিরক্ত হয়ে তাঁর ছবির প্রস্তাব ফিরিয়ে দেন।
গ্ল্যামার কুইন, এককালের মহানায়িকা, দর্শকদের হূদয়ের রানি, সুঅভিনেত্রী সুচিত্রা সেন আর বেঁচে নেই। তবে তাঁর অভিনয় ও শিল্প প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ৬০টি চলচ্চিত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর রেখে গেছেন চিত্রজগতে তাঁর উত্তরসূরি মেয়ে মুনমুন, নাতনি রাইমা ও রিয়া। তারা বহন করবে সুচিত্রা সেনের উত্তরাধিকার।
পুনশ্চ: সুচিত্রা সেনের পিতৃ ও মাতৃভূমি বাংলাদেশের পাবনা ও সিরাজগঞ্জ। অনেকের হয়তো জানা আছে যে তাঁর দাদাশ্বশুর দীননাথ সেনের বাড়ি মানিকগঞ্জের দাসরায়। তিনি থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়। তাঁর নামে এখনো রয়েছে দীননাথ সেন রোড।