রাঁধাবাড়ার লড়াই
শুধু ভাল রান্না করলেই হলো? সবাইকে সে খবরটা জানাতেও তো হবে। রান্না নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে তাই রাঁধুনিদের উৎসাহটা দেখার মতো। সেটাই বোঝা গেল বাংলাদেশ মনিটর ও মালয়েশিয়ান পাম অয়েল আয়োজিত রান্না প্রতিযোগিতায়।বাংলাদেশেরই কিছু আঞ্চলিক ও অপরিচিত রান্না সবার কাছে পরিচিত করে তোলা এবং দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে আয়োজিত হয় এ প্রতিযোগিতা। ২৭ নভেম্বর ঢাকার সোনারগাঁ হোটেলের বলরুমে হয়ে গেল ‘সেরা রন্ধনশিল্পী-২০১০’-এর চূড়ান্ত পর্ব। দেশের দূরদূরান্ত থেকে প্রতিযোগীরা এসেছিলেন তাঁদের রান্নার দক্ষতা উপস্থাপনের জন্য। সয়া কিমার তেহারি, মুগডালে খাসির মুড়িঘণ্ট, বাঁশের কুড়োলে চিংড়ি, ভেটকি মাছে আনারস- -রসুন-কাঁচামরিচ, বগুড়ার আলু দিয়ে মাংসের ঘণ্ট, কাঁচা সবজি দিয়ে রান্না করা মোরগ—সব রান্নাই জিভে জল এনে দেওয়ার মতো। কাঁসার বাটিতে বা মাটির পাত্রে পরিবেশনের নান্দনিকতা খিদে বাড়িয়ে তুলছিল বহুগুণে। এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন পুষ্টিবিদ সিদ্দিকা কবীর। সারা দেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা দশজনকে নির্বাচিত করেন জুরি বোর্ডের সদস্যরা। তাঁদের নিয়েই হয় মূল প্রতিযোগিতা। পুরস্কার পাওয়ার চেয়েও এদিন যেন বড় হয়ে উঠেছিল নিজের রান্নাটা সবাইকে খাওয়ানোর মজা। তাই তো প্রত্যেকেই ছিলেন উদ্ভাসিত এবং প্রত্যেককে খাওয়ানোর জন্য সবার আগ্রহ ছিল দেখার মতো।রান্না প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম। রান্না করা এবং রান্না দেখায় সবাই-ই ছিলেন ব্যস্ত, তার পরও কুষ্টিয়ার শিরিনের বাউল গান মাতিয়ে রাখে সবাইকে। উপহার হিসেবে প্রথম বিজয়ী পেয়েছেন একটি ক্রেস্ট, বাংলাদেশ মনিটরের পক্ষ থেকে ৫০ হাজার টাকা, ওয়ালটনের পক্ষ থেকে মাইক্রোওয়েভ ওভেন, বসুন্ধরার পক্ষ থেকে ডাবল গ্যাস বার্নার, প্রাণ গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং রানারআপ পেয়েছেন ক্রেস্ট, বাংলাদেশ মনিটরের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, মালয়েশিয়ান পাম অয়েলের পক্ষ থেকে রাইস কুকার। এ প্রতিযোগিতায় সয়া কিমার তেহারি তৈরি করে বিজয়ী হয়েছেন চট্টগ্রাম থেকে আগত হাজেরা আলম মুন্নী এবং রানারআপ হয়েছেন ঢাকার মাহমুদা শারমিন তাঁর ভেটকি মাছে আনারস-রসুন-কাঁচামরিচ রান্না করে। এই জমজমাট অনুষ্ঠান শেষ হয় রসনা বিলাসের মধ্য দিয়েই।