রাঁধুনির চাই...
আজ বাদে কাল ঈদ। নান রকম খাবার রান্না হবে। রান্নাঘরে তাই থাকবে দারুণ ব্যস্ততা। রান্নার জন্য ডেকচি, ছুরি, বটি এসব তো লাগবেই। এর সঙ্গেও চাই অ্যাপ্রন, গ্লাভস, হাঁড়ি ধরার কাপড় ইত্যাদি। অনেকে এসবের বদলে পুরোনো কাপড় দিয়েই কাজ চালিয়ে নেন। তবে ঈদের দিন একটু সুন্দরভাবে থাকতে ও রান্নাঘরের ঝকঝকে ভাব বজায় রাখতে এসব জিনিসও নতুন হলে ভালোই হয়।ওভেনে কোনো কিছু রান্না করার আগে হ্যান্ড গ্লাভস পরে নেওয়া উচিত। ওভেনে বা চুলায় কোনো হাঁড়ির হাতল না থাকলে অবশ্যই কাপড় দিয়ে ধরা উচিত। তা না হলে যেকোনো সময় হাতে গরম ছ্যাঁকা লেগে যেতে পারে। ওভেনে সব সময় ওভেনপ্রুফ ঢাকনা ব্যবহার করা উচিত। বাজারে বিভিন্ন ধরনের ওভেনপ্রুফ ঢাকনা পাওয়া যায়। যেকোনো মাপের বাটির সঙ্গেই এটি ব্যবহার করা যায়। আর অ্যাপ্রন পরে রান্না করলে আপনার সুন্দর পোশাকটি নষ্ট হওয়ারও ভয় থাকবে না।যেখানে পাবেন এসব হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, হাঁড়ি ধরার কাপড় বা ঢাকনা যেকোনো ওভেনের দোকানে কিংবা বাজারেই পাওয়া যায়। এ ছাড়া রাজধানীর নিউমার্কেট, অরচার্ড পয়েন্ট, বসুন্ধরা শপিং মলের সব ক্রোকারিজের দোকানেই পাওয়া যাবে। ইদানীং অবশ্য মীনাবাজার, আড়ং, যাত্রা, আগোরাসহ সব সুপারশপেই এই অনুষঙ্গগুলো পাওয়া যায়। চাইলে এসব সুপারশপ থেকেও ওভেনের হ্যান্ড গ্লাভস, কাপড় বা ঢাকনা কিনতে পারেন। এ ছাড়া যাত্রা ও আড়ংয়ে পাবেন দেশি ঢঙে তৈরি এসব জিনিস। যাত্রায় অ্যাপ্রন ও গ্লাভসের সেটও পাওয়া যাবে।দরদামওভেনের জন্য হ্যান্ড গ্লাভস ২০০-২৫০ টাকার মধ্যেই পাওয়া যাবে। ওভেনপ্রুফ ঢাকনা ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যাবে। অ্যাপ্রনের দাম পড়বে ২৫০-৫০০ টাকা। আর যাত্রায় এসব অনুষঙ্গের সেটের দাম পড়বে ৬৮৫ টাকা। এ ছাড়া ফুটপাতের পাশের ছোট দোকানগুলোতেও পাওয়া যাবে এসব। হাঁড়ি ধরার কাপড় পাওয়া যাবে জোড়া ১০-২০ টাকায়। হাতে সময় খুবই কম। তাই ঝটপট প্রয়োজনীয় জিনিসটি কিনে ঝুটঝামেলাহীন থাকুন এই সময়।