নগরের সরাইপাড়া এলাকায় রাইডারের ধাক্কায় নাজমুল আলম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে লোহারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।পাহাড়তলী থানার পুলিশ জানায়, নাজমুল আলম সকালে কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী রাইডার তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানার উপপরিদর্শক (এএসআই) সৈয়দ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এএসআই জানান, দুর্ঘটনার পর জনতার সহযোগিতায় রাইডার ও এর চালক নোমানকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নাজমুল বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। সে এবার হালিশহর গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। সন্দ্বীপের সাতঘরিয়া এলাকার নবী আলমের ছেলে নাজমুল। তাদের বাসা সরাইপাড়ার লোহারপুল এলাকায়। নাজমুলের মৃত্যুর সংবাদ কলেজে পৌঁছালে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, নাজমুলের মৃত্যুসংবাদ পাওয়ার পর পরই ছুটি ঘোষণা করা হয়। ঘটনাস্থলে ছুটে যান শিক্ষার্থী ও শিক্ষকেরা। কলেজ কর্তৃপক্ষ গতকাল থেকে দুই দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষার্থীরা নাজমুলের মৃত্যুতে কালোব্যাজ ধারণ করে। দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ ক্লাসের পরিবর্তে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।’ কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দায়ী রাইডার চালকের কঠোর শাস্তি দাবি করেন।