রাউজান থানার সামনেই চলছে মাদক ব্যবসা
রাউজান থানার সামনেই চলছে মাদকের রমরমা ব্যবসা। থানাসংলগ্ন উপজেলার সবচেয়ে বড় বাজার ফকিরহাটের বিভিন্ন স্থানে সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা। বিকিকিনি চলে পাহাড়ি মদ ও গাঁজা। ফকিরহাট বাজারে মাদক সহজলভ্য হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। থানার পাশেই মাদক বিক্রি হলেও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্ষোভও প্রকাশ করেছেন। জানা যায়, রাউজানে মদের চালান আসে উপজেলার পার্শ্ববর্তী পার্বত্য উপজেলা কাউখালী ও রাঙ্গুনিয়া থানাধীন পোমরার পাহাড়ি এলাকা থেকে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুসারে, উপজেলা ও পৌর সদরে পাহাড়ি মদ ও গাঁজা প্রবেশ করে ঢালার মুখ, কলমপতি, রাবার বাগান, নতোয়ান বাগিচা এলাকা হয়ে। দক্ষিণাংশের এলাকায় মাদকের প্রবেশ ঘটে পাহাড়তলী, গৌরী শঙ্করহাট, জয়নগর, জগৎপুর আশ্রম এলাকা দিয়ে। এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনু মং বলেন, ‘পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, ধরা হচ্ছে মাদকবাহী গাড়ি ও জড়িত ব্যক্তিদের। কোথায় কারা মাদক বিক্রি করছে সে সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’