রাউজান পৌর এলাকায় বৈদ্যুতিক তার চুরি
রাউজান পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গত চার মাসে চার লাখ টাকা দামের তার, সড়কবাতিসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে। সড়কে বাতি না থাকায় সন্ধ্যার পর থেকে ছিনতাইকারীদের ভয়ে ওই সব এলাকার সড়ক দিয়ে চলাচলে আতঙ্কে থাকেন পথচারীরা। পৌর কাউন্সিলরদের সন্দেহ—এসব তার ও সরঞ্জাম চুরির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসৎ কর্মচারী জড়িত। সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের পর থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তার চুরির ঘটনা বেড়ে যায়। পৌরসভার সচিব বিধান চন্দ্র বলেন, ‘বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনায় পৌরসভা কর্তৃপক্ষ থানা-পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের সঙ্গে বৈঠক করে চুরিরোধে সহায়তা চেয়েছে। থানায় ডায়েরিও করা হয়েছে। কিন্তু কোনো পক্ষই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে পৌর কর্তৃপক্ষ একরকম হতাশ।’ সচিব জানান, পৌর নাগরিকদের সুবিধার জন্য বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি লাগিয়ে বিদ্যুৎসেবা দেওয়া হচ্ছে। কিন্তু চোরের দল রাতের আঁধারে সড়কবাতিসহ খুঁটির তার খুলে নিয়ে যাচ্ছে। এতে সন্ধ্যার পর নাগরিকদের ভোগান্তি হচ্ছে। সূত্র জানায়, বেশির ভাগ চুরির ঘটনা ঘটছে পৌর এলাকার অঙ্কুরীঘোনা, মোবারকখীল, ছিটিয়াপাড়া, হাজীপাড়া, চত্রপাড়া ও জঙ্গল রাউজান এলাকায়। এসব এলাকায় সন্ধ্যার পর ছিনতাইকারীদের উৎপাত দেখা যায়। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাজাদা আসাদ উল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘কোনো সাধারণ মানুষ বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার, বাতি ইত্যাদি খোলার সাহস করবে না। যারা প্রায় সময় বিদ্যুতের কাজ করে, তারাই সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত।’ একই রকম মন্তব্য করেন কাউন্সিলর বশির উদ্দিন খান। তিনি জোর দিয়ে বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা পারে চালু লাইন থেকে ট্রান্সফরমার চুরি ও তার চুরির ঘটনা ঘটাতে। এর বাইরে স্থানীয়ভাবে কেব্ল লাইনে কাজ করে এমন শ্রমিকেরাও এতে জড়িত থাকতে পারে।’ কাউন্সিলরদের সন্দেহের ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির (রাউজান) মহাব্যবস্থাপক সাখাওয়াত উল্লাহ উত্তেজিত হয়ে বলেন, ‘ফালতু কথা বলবেন না। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন চোর—এ অভিযোগ কে করেছেন, তাঁকে এনে প্রমাণ দেন।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক উনু মং বলেন, ‘সীমিত সাধ্যের মধ্যে পুলিশ এলাকায় চুরি-ডাকাতি রোধে সচেষ্ট রয়েছে।’ তার চোরদের ধরতে পুলিশ ফাঁদ পেতে আছে বলে তিনি জানান।