রাউজান বিদ্যুৎকেন্দ্রের অনিশ্চিত ভবিষ্যৎ
রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা। চীনের তৈরি সনাতনী প্রযুক্তির প্রকল্পটি শুরু থেকে কখনো সামর্থ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। গত শনিবার একটি ইউনিটের বয়লার বিস্ফোরণের ফলে এটি আদৌ উৎপাদনে যেতে পারবে কি না—তা কেউ নিশ্চিত হতে পারছেন না। সূত্র জানায়, ১৯৮৯ সালে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট স্থাপন করা হয়। চীনের প্রকৌশলীরা পরবর্তী প্রায় ১৬ বছর ধরে এটি পরিচালনার দায়িত্ব পালন করেন। এ সময় প্রকল্পে কোনো ত্রুটি দেখা দিলে নিজেরাই তা সারাতেন। তাতে বাংলাদেশি প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করতেন না। ফলে শুরু থেকে এ প্রকল্প পরিচালনা নিয়ে দেশীয় প্রকৌশলীদের একধরনের অস্বস্তি ছিল। জানা যায়, উৎপাদন চলাকালে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ দুই ইউনিটে। অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতে অনেক প্রকৌশলীকে চীনে প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু সমস্যা কখনো শেষ হয়নি। শেষ পর্যন্তই প্রকল্পটি ত্রুটিপূর্ণ থেকে যায়। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এ এন এম আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘রাউজান বিদ্যুৎকেন্দ্রটি একটি পুরোনো প্রকল্প। ফলে বিদ্যুৎ উৎপাদনের সময় নানা সমস্যা দেখা দিচ্ছে। তবে এ মুহূর্তে দেশে বিদ্যুতের খুব প্রয়োজন। তাই আমরা প্রকল্পটি চালিয়ে যেতে চাই।’ পিডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে ও দেশের বাইরে গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো অনেক বেশি আধুনিক। কিন্তু রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রটি অনেক সনাতন প্রযুক্তিতে তৈরি। এর আয়তনও বিশাল। দেশের অন্য যেকোনো তাপবিদ্যুৎকেন্দ্রের চেয়ে এখানে গ্যাসের অপচয়ও অনেক বেশি হয়। পিডিবি সূত্রে জানা যায়, শুরু থেকে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ৪২০ মেগাওয়াট দেখানো হয়। কিন্তু উৎপাদনে গিয়ে দেখা যায়, সর্বোচ্চ উৎপাদনে কখনো যেতে পারেনি কেন্দ্রের ইউনিট দুটি। পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ সত্ত্বেও এখানে প্রতিটি ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যায়। এতে দুই ইউনিটের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৩৬০ মেগাওয়াট। এরপরও রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট দুটি সচল থাকলে চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা হলেও ভালো থাকে। কিন্তু বছরের বেশি সময় ধরেই দুটি ইউনিটই বন্ধ থাকে। সর্বশেষ গত নভেম্বরের শেষ সপ্তাহে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় সেগুলোর নিয়মিত মেরামতকাজ (ওভারহোলিং)। দীর্ঘ পাঁচ মাস পর একটি ইউনিটের মেরামত শেষ হলেও অন্যটি শেষ হয়নি। বছরে মাত্র তিন-চার মাস সচল থেকেই বাকি সময় মেরামতকাজে লেগে যায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রকে গ্যাসের পাশাপাশি ফার্নেস তেল দিয়ে চালানোর বিষয়টিও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এজন্য কর্ণফুলী নদী দিয়ে জাহাজে করে ফার্নেস তেল ওই বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেওয়া হয়। এ পর্যায়ে দেখা যায়, এর প্রযুক্তি এতই পুরোনো যে, দ্বৈত জ্বালানিভিত্তিক প্রকল্পে পরিণত করতে হলে পুরো প্রযুক্তিই পরিবর্তন করতে হবে। তাই শেষপর্যন্ত পিডিবি ওই পরিকল্পনা থেকে সরে আসে।