রাউজানে অন্য নামে চলছে যুবকের কর্মকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের জন্য বিতর্কিত বেসরকারি সংস্থা (এনজিও) যুবকের সাইনবোর্ড বদলিয়ে রাউজানে অন্য নামে চলছে যুবকের কর্মকাণ্ড। এলাকার মানুষের অভিযোগ, যুবকের স্থানীয় সমন্বয়কারী নাসির উদ্দিন এখন যুবকের কার্যালয়ে বসে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে আর্থিক লেনদেন করছেন। তিনি নতুন নামে বিভিন্ন প্রকল্পের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন।জানা গেছে, ইতিপূর্বে যুবকের বিভিন্ন প্রকল্পে স্থানীয় লোকদের মধ্যে যাঁরা নাসির উদ্দিনকে টাকা দিয়েছেন তাঁরা এখন নিজেদের টাকা ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছেন। কেউ কেউ পাওনা টাকার জন্য সংশ্লিষ্ট লোকদের বিরুদ্ধে মামলা করার কথাও চিন্তা করছেন।রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ড ফকিরতাকিয়ার বাসিন্দা স্বপন চৌধুরী অভিযোগ করেন, যুবকের রাউজানের সমন্বয়কারী নাসির উদ্দিন তাঁর প্রতিষ্ঠানের পক্ষে (যুবক) কাজ করতে গিয়ে অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন। লাভের আশায় সহজ সরল মানুষ সঞ্চিত সব টাকা যুবকের হাতে দিয়ে এখন পথে নামার অবস্থা হয়েছে।স্বপন চৌধুরী জানান, তিনি যুবকের কথিত হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেডের চট্টগ্রাম মডেল টাউন প্রকল্পের আড়াই কাঠার প্লটের জন্য ৪০ হাজার টাকা বুকিং মানি দিয়েছেন। ২০০৮ সালের জুলাইতে দেওয়া এই টাকা এখন আদায় করা যাচ্ছে না। একই সময়ে একই প্রকল্পের জন্য টাকা জমা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলার উত্তর গুজরা গ্রামের পুলক বিশ্বাস, পশ্চিম রাউজানের প্রণতি চৌধুরী, কালি শঙ্কর চৌধুরীসহ অনেকেই। অভিযোগকারীদের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, জলিলনগর এলাকায় প্রতিষ্ঠিত কার্যালয়ে বসে যাঁরা যুবকের বিভিন্ন প্রকল্পের টাকা প্রাপ্তির রসিদ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম (সেক্রেটারি), মোহাম্মদ জসিম উদ্দিন (সমন্বয়কারী), মোহাম্মদ তৈয়ব মিয়া (কনিষ্ঠ কর্মকর্তা ও সমন্বয়কারী), মোজাম্মেল হক (কনিষ্ঠ কর্মকর্তা ও সমন্বয়কারী)। সবারই ঠিকানা হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, চট্টগ্রাম-১ (দক্ষিণ)।জানা গেছে, মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা যুবকের সমন্বয়কারী নাসির উদ্দিন স্থানীয় হওয়ার সুবাদে সবাই সরল বিশ্বাসে লোভনীয় প্রকল্পের কথা শুনে টাকা বিনিয়োগ করেছেন। এরকম অনেকেই টাকা দিয়েছেন মেয়াদি আমানতেও। পাওয়া তথ্যে জানা গেছে, লাভের আশায় মেয়াদি আমানতে টাকা দিয়েছেন মোহাম্মদপুরের নিগার সুলতানা, মেজবাউদ্দিন, হিঙ্গলার রাহুল দাশসহ অনেকেই। এভাবে প্রতারণার শিকার হওয়া অনেকেই বলেছেন, তাঁরা পাওনা টাকা আদায়ের চেষ্টা করে যাচ্ছেন। কেউ কেউ এখন মামলা করার কথাও চিন্তা করছেন।বিষয়টি নিয়ে মুঠোফোনে নাসির উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি যুবকের কার্যক্রম পরিচালনার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন যাঁরা যুবকে টাকা এনে দিয়েছে, তাঁদের অনেকেই যুবকের কাছ থেকে কমিশনের টাকা ভোগ করেছেন। আর যাঁরা সত্যিকার পাওনাদার তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁর আরও দাবি যুবকের কাছে পাওনা টাকার দায়িত্ব সরকার নিয়েছে। এ ব্যাপারে সরকার তদন্ত করছে। উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া বলেন, রাউজানে যুবকের কার্যক্রম চলছে এমন অভিযোগ তাঁর কাছে নেই। তবে রাউজান মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের সীমিত কার্যক্রম ওই কার্যালয়ে চলছে বলে তিনি জানেন।