রাউজানে অবৈধ দখলে সরকারি টিলাভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের খাসটিলাভূমি থেকে গাছ কাটা হচ্ছে অবাধে। গত এক মাসে উপজেলার ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকার খাসখতিয়ানভুক্ত টিলা থেকে প্রায় এক হাজার চারাগাছ কাটা হয়েছে। পরিত্যক্ত টিলার মাটি ইটভাটায় ব্যবহূত হচ্ছে। কেটে ফেলা চারাগাছ ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহূত হচ্ছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকায় খাসখতিয়ানভুক্ত কয়েক শ একর টিলা প্রভাবশালী লোকজনের অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। থানা সূত্রে জানা গেছে, ২৩ মার্চ সরকারি জায়গা থেকে চারাগাছ কাটার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। জব্দ করে অর্ধশতাধিক গাছ। পরে অবশ্য আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় তহসিল কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া, ডাবুয়া, কলমপতি, কদলপুর, ঊনসত্তরপাড়া মৌজায় কয়েক শ একর খাসখতিয়ানভুক্ত টিলাভূমি রয়েছে। স্থানীয় প্রভাবশালী লোকজন টিলা দখল করে তাতে গাছ লাগিয়েছেন। কেউ কেউ দখল করা জমিতে সমবায় সমিতির পরিচিতিফলক (সাইনবোর্ড) টাঙিয়ে দিয়েছে। সরেজমিনে কলমপতি এলাকায় দেখা যায়, প্রায় পাঁচ একরের একটি টিলা থেকে কেটে নেওয়া হয়েছে ছোট-বড় প্রায় এক হাজার গাছ। স্থানীয় লেদু মিয়া বলেন, ‘আনোয়ার মিয়া নামের এক ব্যক্তি টিলাভূমির গাছ কেটে নিয়েছে মাসখানেক আগে। টিলা সরকারি খাসখতিয়ানভুক্ত হলেও দীর্ঘদিন এটি দখল করে রেখেছেন আনোয়ার।’মহিউদ্দিন নামের অপর একজন জানান, ‘কলমপতিসহ আশপাশের এলাকায় কয়েক হাজার একর টিলা স্থানীয় প্রভাবশালী লোকজন দখল করে রেখেছেন। অনেকে গাছের চারা লাগিয়ে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ভোগদখল করে আসছেন। কেউ কেউ টাকার বিনিময়ে জায়গার দখল হস্তান্তর করছেন।’এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, জোট সরকারের সময় ডাবুয়ার জঙ্গল রাউজান মৌজার খাসখতিয়ানভুক্ত প্রায় ২০ একর টিলা দখল করেন শীর্ষসন্ত্রাসী জানে আলম ও তাঁর সহযোগীরা। ২০০৪ সালে সন্ত্রাসী জানে আলম ও তাঁর কয়েকজন সহযোগী র‌্যাবের ক্রসফায়ারে মারা যায়। এরপর দখল করা জমি নিয়ন্ত্রণে নেন জানে আলমের আত্মীয়রা। সমপ্রতি জবরদখলে থাকা জমি থেকে কয়েক শ চারাগাছ কেটে ফেলেন দখলকারী লোকজন। ২৩ মার্চ গাছ কাটার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। জানে আলমের নিকটাত্মীয় শাহ আলমের দাবি টিলাভূমি সরকারি খাসখতিয়ানভুক্ত হলেও গাছের চারা তাঁরাই লাগিয়েছেন, তাই কেটেছেন। দক্ষিণ রাউজানের পাহাড়তলীর প্রায় ১০০ একর খাসটিলাভূমি দখল করেছে বনানী বহুমুখী সমবায় সমিতি। ওই জমিতে এখন আবাসন প্রকল্প করার চেষ্টা করে যাচ্ছেন দখলদার লোকজন। পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘বনানী বহুমুখী সমবায় সমিতির ৪৩ জন সদস্য রয়েছে, আমিও তাঁদের একজন।’ তিনি জমি দখলের অভিযোগ অস্বীকার করেন। সমিতির সাধারণ সম্পাদক কাসেম আলী বলেন, ‘আমরা এখানে একটি আবাসন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছি। এ সংক্রান্ত ফাইল মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’রাউজানে পরিবেশদূষণ প্রতিরোধ আন্দোলনের সহসভাপতি প্রদীপ শীল টিলা দখল ও গাছ কাটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’গাছ কাটার সঙ্গে জড়িত লোকজনকে আটক প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনু মং বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে স্থানীয়ভাবে মীমাংসার জন্য আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে আসা স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠক করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনচন্দ্র পাল বলেন, ‘সরকারি জায়গা থেকে গাছ কাটার সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে মামলা করা হবে। এ ব্যাপারে কোনো সমঝোতার সুযোগ নেই। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’