রাউজানে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান পৌরসভা ও উপজেলা সদরের আশপাশের অনেক সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়া ছাড়াও সাধারণ মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ, যেখানে-সেখানে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের ফলে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, রাউজান পৌরসভা ও উপজেলা সদরের প্রবেশমুখের সব সড়কে পানি চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সড়কের দুই পাশের ভূমি মালিকেরা পানি চলাচলের ব্যবস্থা না রেখেই দোকান-বিপণিকেন্দ্র কিংবা বাড়িঘর তৈরি করেছেন। উপজেলা সদরের দুটি প্রাচীন পুকুরসহ বেশ কয়েকটি ডোবা-নালা ইতিমধ্যে ভরাট করা হয়েছে। এতে সামান্য বৃষ্টিপাতে সদর এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক উপচে একদিকের পানি অন্যদিকে গড়িয়ে পড়ে। এতে চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া, পাহাড়ি ঢল ও বানের পানিতে উপজেলা সদরের বেশির ভাগ এলাকা ডুবে থাকে। উপজেলা ও পৌরসভার প্রশাসনিক দপ্তরের প্রবেশমুখ, শাহ লতিফ সড়ক, জলিলনগর থানা সড়ক ও মাওলানা দোস্ত মোহাম্মদ সড়ক পরিদর্শন করে দেখা গেছে, তিনটি সড়কেরই অবস্থা বেহাল। এসব সড়কে পায়ে হাঁটাও কষ্টকর। দক্ষিণ রাউজানের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র নোয়াপাড়া পথেরহাট এলাকার রাউজান-নোয়াপাড়া সড়কের প্রবেশমুখে বেশ কিছু ছোট-বড় গর্তে পানি জমে ডোবার মতো দেখাচ্ছে। একই অবস্থা দেখা গেছে, রাউজান-পাহাড়তলী হাফেজ বজলুর রহমান সড়কের মুখেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাশখালী খালের বিভিন্ন অংশ অবৈধ দখলকারীরা ভরাট করে ফেলেছেন। ফলে নালায় পরিণত হওয়া ওই খাল দিয়ে পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না। গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে পর্যাপ্ত নালা-নর্দমা না থাকায়ও পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই দশকে উপজেলার বহু প্রাচীন পুকুর-ডোবা ভরাট ও আবাদি জমিতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের হিড়িক পড়লেও সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এখনো অনেকে ইচ্ছেমতো অবকাঠামো তৈরি করে চলেছেন। যোগাযোগ করলে পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী জলাবদ্ধতার জন্য অবৈধ দখলদারদের তৎপরতাকে দায়ী করেন। তিনি বলেন, ‘পৌরসভা ও উপজেলা প্রশাসনের প্রবেশমুখের রাস্তাটির দুই পাশে মার্কেট নির্মাণকারীরা নালা তৈরির মতো জায়গা রাখেননি। এ জন্য অল্প বৃষ্টিতে পানি জমে জনদুর্ভোগ বাড়ছে। পৌর কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চালিয়েছে।’ ক্ষত-বিক্ষত সড়কগুলোর সংস্কারকাজ শুরু করা হচ্ছে বলে জানান পৌর মেয়র। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, ‘আমরা অবৈধ দখলদারদের অবকাঠামো ভেঙে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা রাখার জন্য বার বার তাগাদা দিচ্ছি। এতে কোনো কাজ হচ্ছে না। এবার আইনগত ব্যবস্থা নেব।’