রাউজানে আচরণবিধি মানছেন না প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছেন না প্রার্থীরা। উপজেলার ১৪টি ইউনিয়নের কোনো না কোনো প্রার্থীর বিরুদ্ধে এ রকম অভিযোগ উঠেছে। গত বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজেই তিন প্রার্থীর দুটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাস আটক করেন এবং তাঁদের বিরুদ্ধে জরিমানা করেন। ১৮ জুন এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ ৮ জুন উপজেলা চত্বরে আয়োজিত সমম্বয় সভায় কয়েকজন প্রার্থীর নাম নির্দিষ্টভাবে উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা কি আচরণবিধি পড়ে দেখেছেন? তখন বেশির ভাগ প্রার্থীই ‘না’ সূচক জবাব দেন। অনেক প্রার্থী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে বলেছেন, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি মানছেন না। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল বশর অভিযোগ করেন, ৭ জুন তাঁর দুই কর্মী মোহাম্মদ আইয়ুব ও মো. ওমরাও খান একটি অটোরিকশায় মাইক লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালান। লাম্বুরহাট নামক স্থানে এলে ভুপেষ বড়ুয়ার কর্মী আবুল কাশেম ও মো. আইয়ুব অটোরিকশাটি আটক করে বশরের দুই কর্মীকে মারধর করেন। তাঁরা অটোরিকশা থেকে বশরের পোস্টার ছিঁড়ে সেখানে ভুপেষ বড়ুয়ার পোস্টার লাগিয়ে দেন। এরপর ওই অটোরিকশায় করে তাঁদের ওই এলাকায় ভুপেষ বড়ুয়ার পক্ষে প্রচারণা চালাতে (মাইকিং) বাধ্য করেন। আবুল বশর প্রথম আলোকে বলেন, ‘আমি লটারিতে নির্বাচনী প্রতীক আনারস পেয়েছিলাম। কিন্তু ভুপেষ বড়ুয়া সেটি অনেকটা জোর করে কেড়ে নেন। এর পরও আমি দোয়াত-কলম নিয়ে প্রার্থী হয়েছি। সন্ত্রাসীরা আমাকে এলাকায় যেতে দিচ্ছে না। এ জন্য শুক্রবার দুপুর পর্যন্ত আমি এলাকায় যেতে পারিনি।’ তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভুপেষ বড়ুয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিনি এলাকায় না এসে অতিরঞ্জিত কথা বলছেন। অটোরিকশার পোস্টার ছিঁড়ে ফেলা এবং প্রচারে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি ছাড়াও এলাকায় আরও চারজন প্রার্থী আছেন। তাঁরা প্রচারণা চালাচ্ছেন।’ ভুপেষ বলেন, ‘অতীতে আমি জাফরের মতো সন্ত্রাসীর বিরুদ্ধেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এখন সে পরিস্থিতি নেই।’ এলাকায় সরেজমিন ঘুরে এবং লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে প্রার্থীরা দেয়ালে পোস্টার লাগানো, অপরের পোস্টার ছিঁড়ে ফেলছেন। এ ক্ষেত্রে চেয়ারম্যান পদপ্রার্থী থেকে শুরু করে সদস্য পদপ্রার্থী এমনকি সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থীরাও বাদ যাচ্ছেন না। পূর্ব গুজরার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, স্থানীয় সাংসদের মনোনীত প্রার্থী আব্বাস উদ্দিনের পোস্টার দড়ি দিয়ে ঝোলানো আছে। আবার দেয়াল এবং গাছেও লাগানো হয়েছে। একইভাবে দেয়ালে লাগানো হয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হোসেনের পোস্টার। রাউজান সদর ইউনিয়নে সাংসদ মনোনীত প্রার্থী শাহ আলম এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিদারুল আলমসহ অন্য প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। তবে ৮ জুন উপজেলা সদরে আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়ের পর সন্ধ্যায় একদল লোককে বিভিন্ন দেয়াল থেকে পোস্টার ছিঁড়ে ফেলতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন তরুণ বলেন, তাঁরা প্রার্থীদের কর্মী। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ও শাস্তি এড়াতে দেয়াল থেকে পোস্টার ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল পোস্টার লাগানোতেই নয়, একটি অটোরিকশায় একটি করে মাইক লাগানোর কথা রয়েছে আচরণবিধিতে। কিন্তু বেশির ভাগ প্রার্থীই দুটি করে মাইক লাগিয়েছেন। এক ওয়ার্ডে একটি অটোরিকশা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও একসঙ্গে দুই বা ততোধিক অটোরিকশা নিয়ে প্রচার চালানো হয়। জেলা প্রশাসক নিজেই এ ধরনের অটোরিকশা আটক করেন কদলপুর ইউনিয়নে। পরে ওই প্রার্থী প্রকাশ্যে জেলা প্রশাসকের কাছে ক্ষমা চান।