রাউজানে এক বছরে ৫০টি শহীদ মিনার নির্মিত হয়েছে
রাউজানের বিভিন্ন স্থানে গত এক বছরে গড়ে উঠেছে প্রায় ৫০টি শহীদ মিনার। এ ছাড়া প্রায় ১০টি স্থানে বড় আকারের দর্শনীয় শহীদ মিনার নির্মিত হয়েছে। উপজেলা পরিষদের কাছে নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।রাউজানের কলেজ, বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শহীদ মিনার নির্মিত হয়েছে। রাউজান কলেজ, নোয়াপাড়া কলেজ, ইমাম গাজ্জালী কলেজ ও গহিরা কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনার নজর কেড়েছে এলাকাবাসীর। এ ছাড়া উপজেলার প্রতিটি উচ্চবিদ্যালয়ে নির্মিত হয়েছে নতুন শহীদ মিনার।১৫ ফেব্রুয়ারি উপজেলা মাসিক সমন্বয় সভায় স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়েও শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে জানান সাংসদ।নতুন নির্মিত শহীদ মিনার নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘ভাষা আন্দোলন ও স্বাধীনতাসংগ্রামে রাউজানের মানুষের ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। এখানে জন্মেছেন মাস্টার দা সূর্য সেন, সুবেদার আবুল বশর বীর প্রতীক, কবি মাহবুব উল আলম, ভাষাসৈনিক আবদুল্লাহ আল হারুন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুল খালেক, দবির আহামদ চৌধুরীসহ আরও অনেক কীর্তিমান মানুষ। দেশ ও ভাষার জন্য আত্মত্যাগকারী এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একমাত্র জায়গা শহীদ মিনার। স্বাধীনতা অর্জনের পরবর্তী ৪০ বছরের বেশি সময় রাউজান সাম্প্রদায়িক শক্তির দখলে থাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ে ওঠেনি।’রাউজান কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ বলেন, ‘কলেজে নতুন শহীদ মিনার ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। এই শহীদ মিনার রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করবে।’উপজেলার বিভিন্ন স্থানে শহীদ মিনার প্রতিষ্ঠার কারণ জানতে চাইলে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘যখন স্বাধীনতাযুদ্ধ শুরু হয় তখন ছাত্র ছিলাম। যুদ্ধে যাওয়ার সৌভাগ্য হয়নি। পরিণত বয়সে বীর যোদ্ধাদের আত্মত্যাগের কাহিনি জেনেছি। রাউজানের নতুন প্রজন্ম যাতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে এ জন্যই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। তা ছাড়া শহীদ মিনার দেখে শিশুরা ইতিহাস জানতে পারবে। পাশাপাশি তাদের মধ্যে দেশাত্মবোধও জাগ্রত হবে।’