রাউজানে কৃষিজমিতে গড়ে উঠছে বাড়িঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে কৃষিজমি ভরাট করে গড়ে উঠছে বাড়িঘরসহ নানা স্থাপনা। বছরে দুবার ধানের ফলন হয়—এমন জমিও ভরাট করা হচ্ছে।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, গত এক দশকে ফসলি জমির ১০ শতাংশ ভরাট হয়ে গেছে। সর্বশেষ কৃষিশুমারি অনুযায়ী, রাউজানে কৃষিজমির পরিমাণ ২০ হাজার ২০৫ হেক্টর। এর মধ্যে তিন ফসলি ২০০, দো-ফসলি সাত হাজার ৫৭৫ এবং এক ফসলি জমি চার হাজার ৪৫৫ হেক্টর। অন্যগুলো পাহাড়ি টিলাভূমি। এগুলোতে মৌসুমি খেত-খামার হয়।স্থানীয় লোকজন জানান, উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে হালদা ও কর্ণফুলী নদীর ভাঙনে প্রতিবছর ভিটেমাটি হারায় অনেক পরিবার। এসব পরিবার নতুন বাড়িঘর করতে বেছে নেয় সড়কের পাশের সুবিধাজনক জায়গা। বেশির ভাগ ক্ষেত্রে কৃষিজমি ভরাট করেই বাড়িঘর নির্মাণ করা হচ্ছে।হালদাপারের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ভাঙন ছাড়াও বিভিন্ন ইউনিয়নে যৌথ পরিবার ভেঙে ছোট পরিবারের জন্ম হচ্ছে। এসব ছোট পরিবার আলাদা বাড়ি করায় কৃষিজমির ওপর চাপ বাড়ছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, কিছু এলাকায় বাড়িঘর তৈরি হচ্ছে এক থেকে তিন একর পর্যন্ত কৃষিজমি নিয়ে। কদলপুর, মোহাম্মদপুর, রাউজান, নোয়াপাড়া, পূর্বগুজরাসহ বিভিন্ন ইউনিয়নে কৃষিজমির মাঝখানে বিচ্ছিন্নভাবে বাড়িঘর নির্মিত হয়েছে। সেখানে যাতায়াত করতে হচ্ছে জমির আলের ওপর দিয়ে।উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এখানে কিছু এলাকায় প্রতিদিন কৃষিজমি ভরাট হচ্ছে। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ।’