রাউজানে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় রাউজানে এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে। গত বছর এক হাজার ২১৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছিলেন ৯১৪ জন। পাসের হার ছিল ৭৫ দশমিক ২৩। জিপিএ-৫ পেয়েছিলেন ১২ জন। এবার উপজেলার ১১টি কলেজে পরীক্ষা দেন এক হাজার ৩১০ জন। পাস করেছেন ৮৮৭ জন। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ১২ থেকে ১৬ জনে উন্নীত হলেও পাসের হার নেমে এসেছে ৬৭ দশমিক ৭১ শতাংশে। গত বছরের মতো শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে চুয়েট ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৬৪ জনের মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। রাউজানের ১০টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন ২৩৪ জন। পাস করেছেন ১৯৯ জন। পাসের হার ৮৫ দশমিক ০৪। শত ভাগ পাস করেছেন কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এ মাদ্রাসার পাঁচজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া, শতভাগ পাস করেছেন পশ্চিম গুজরা মুনিরিয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসার ছাত্ররা। রাউজানে এবারের ফলাফলে পাসের হার কমে যাওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম অসন্তোষ প্রকাশ করেছেন। অযোগ্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া পাসের হার কমে যাওয়ার জন্য দায়ী বলে তিনি মন্তব্য করেন।