রাউজানে নলকূপের পানিতে আর্সেনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার বেশির ভাগ অগভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বেশ কিছু নলকূপের পানিতে আর্সেনিক পেয়েছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এ তথ্য উৎকণ্ঠিত করে তুলেছে এলাকার মানুষকে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বেশ কয়েকটি বিদ্যালয়ের নলকূপের পানি পরীক্ষা করে আর্সেনিক পেয়েছে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা বলেছেন, হলদিয়া, ডাবুয়া, গহিরা ও রাউজান পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নলকূপের পানিতে আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গেছে। আর্সেনিক পাওয়া গেছে উরকিরচর ইউনিয়নের কয়েকটি নলকূপের পানিতেও।হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার দাস বলেন, ‘বিদ্যালয়ের নলকূপে আর্সেনিকের উপস্থিতি শনাক্ত হওয়ার পর শিশুদের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠিত হয়ে পড়েছেন অভিভাবকেরা। পানিতে আর্সেনিক পাওয়ার পর নলকূপটি ব্যবহার করা হচ্ছে না।’ উপজেলার দক্ষিণাংশের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাট। এ বাজারে ১১টি ব্যাংকসহ রয়েছে প্রায় পাঁচ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ী ফজল হক বলেন, ‘এ বাজারে ২০টি নলকূপ রয়েছে। এর মধ্যে বেশির ভাগ নলকূপেই পানি ওঠে না।’পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা বাবুল সরকার বলেন, ‘পাড়ার অধিকাংশ নলকূপে পানি উঠছে না। পশ্চিম গুজরা উচ্চবিদ্যালয়ের নলকূপে পানি না পাওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।’ একই রকম তথ্য পাওয়া গেছে ডাবুয়া, হলদিয়া, কদলপুর, বিনাজুরী, উরকিরচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, রাউজানে বিভিন্ন স্থানে চার হাজার সরকারি নলকূপ রয়েছে। এর বাইরে বেসরকারি নলকূপ আছে আরও প্রায় ১০ হাজারের বেশি।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এ কে এম শহিদুল আলম বলেন, ‘সমপ্রতি উপজেলার ২০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নলকূপের পানি পরীক্ষা করে আটটির মধ্যে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে।’ তিনি আরও জানান, আর্সেনিককবলিত বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলার উত্তরাংশের ইউনিয়নগুলোতে অবস্থিত। নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতির পরীক্ষা বেশ ব্যয়বহুল হওয়ায় সব জায়গায় পরীক্ষা চালানো যাচ্ছে না। অগভীর নলকূপে পানি না ওঠা ও সামপ্রতিক সময়ে গভীর নলকূপ বসানো প্রসঙ্গে তিনি বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে বিভিন্ন এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। গভীর নলকূপ বেশি বসানো হলে আগামী দিনে বিপর্যয় তৈরি হবে বলে তিনি জানান।