রাউজানে নয় মাসে ৪৯ ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি কিছুতেই থামছে না। গত জানুয়ারি থেকে এ মাসের মাঝামাঝি পর্যন্ত নয় মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে চুরি হয়েছে ৪৯টি ট্রান্সফরমার। এর মধ্যে পাঁচ কেভি (কিলোভোল্ট) ১২টি, ১০ কেভি ১৬টি, ১৫ কেভি আটটি ও ২৫ কেভি ১৩টি ট্রান্সফরমার চুরি হয়। এসব ট্রান্সফরমারের দাম তিন কোটি ৮১ হাজার টাকা। এদিকে, ট্রান্সফরমার চুরির কারণে একদিকে গ্রাহকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অন্যদিকে এসব ট্রান্সফরমার চুরির জন্য ক্ষতিপূরণের দায় বর্তাচ্ছে গ্রাহকদের ওপর। তাঁদের অভিযোগ, পল্লীবিদ্যুৎ সমিতি ওই সব চুরি হওয়া ট্রান্সফরমারের ক্ষতিপূরণ আদায় করছে স্ব-স্ব এলাকার গ্রাহকদের কাছ থেকে।স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির সদর দপ্তর রাউজান পৌর এলাকা, উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। সমিতির দক্ষিণ রাউজানের নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় অন্য এলাকাগুলো থেকে চুরি হয়েছে বাকি ৩৭টি ট্রান্সফরমার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাঝর দিঘিপাড় ও অখীল মহাজনের বাড়ি থেকে গত ঈদের কয়েক দিন আগে একই রাতে চুরি হয়েছে ১০ কেভি দুটি ট্রান্সফরমার। ঈদের কয়েক দিন পর রাতে বদুমুন্সিপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির এক পরিচালকের বাড়ির সামনে থেকে একটি ট্রন্সফরমার চুরির চেষ্টা জনপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়। সমিতির পরিচালক জিন্নাত আলী জানান, তাঁর বাড়ির সামনের একটি খুঁটির ওপর উঠে গভীর রাতে চোরের দল ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল খুলে নিচে ফেলে দেয়। এ সময় শব্দ হলে তাঁর সন্দেহ হয়। ঘরের বাইরে এসে চিৎকার করলে লোকজন ছুটে আসে। এ সময় চোরের দল পালিয়ে যায়। তিনি জানান, কয়েলটি চোরের দল ফেলে না গেলে তাঁকেও নির্ধারিত অঙ্কে ক্ষতিপূরণের টাকা দিতে হতো নতুন একটি ট্রান্সফরমার পাওয়ার জন্য। উরকিরচর ইউনিয়নের গ্রাহক মোহাম্মদ আলম অভিযোগ করেন, তাঁর এলাকায় চুরি হওয়া ট্রান্সফরমারের দাম পরিশোধ করতে দেরি হওয়ায় তাঁদের এক মাস অন্ধকারে থাকতে হয়েছে। সাজু পালিত নামে একজন বিদ্যুৎগ্রাহক অভিযোগ করেন, ‘রাতের আঁধারে চোরের দল খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিলেও ক্ষতিপূরণ দিতে হচ্ছে এলাকার গ্রাহকদের। পল্লীবিদ্যুৎ সমিতির এই নিয়ম সম্পূর্ণ অযৌক্তিক ও এটি অন্যায়।’সুজিত পালিতের মতো অনেকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, যেসব এলাকার গ্রাহকেরা ক্ষতিপূরণ হিসেবে চুরি হওয়া ট্রান্সফরমারের জন্য দাম পরিশোধ করতে পারছেন না, তাঁদের অন্ধকারের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁঝর দীঘিরপাড় এলাকার বিদ্যুতের গ্রাহক লিটন দে জানান, এলাকার চুরি হওয়া ট্রান্সফরমারের স্থানে ১০ কেভির নতুন একটি ট্রান্সফরমার বসানোর জন্য এলাকার গ্রাহকদের কাছে ৫৩ হাজার টাকা দাবি করা হয়। কয়েক দিন ধরে গ্রাহকদের ঘরে ঘরে গিয়ে ৩০ হাজার টাকা তুলতে পেরেছেন। বাকি টাকা প্রতি মাসের বিদ্যুতের বিলের সঙ্গে পরিশোধের শর্তে নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারের দাম গ্রাহকদের কাছ থেকে আদায় প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক এম সাখাওয়াত উল্লাহ বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতি চলে “লাভ নয়, লোকসান নয়” নীতির ভিত্তিতে। সমিতির মালিক এলাকার গ্রাহকেরা। এই দৃষ্টিকোণ থেকে চুরি হওয়া সম্পত্তি পূরণ করতে গ্রাহকদের কাছ থেকেই দাম নেওয়া হয়।’ তিনি জানান, চুরির প্রবণতারোধে পুলিশের সহায়তায় চোর ধরতে ফাঁদ পাতা হচ্ছে। প্রতিটি চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন এ প্রসঙ্গে বলেন, ‘ট্রান্সফরমার চুরির ব্যাপারে থানায় ডায়েরি করার সময় কারও নাম দেওয়া হয় না। তবে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দিকে নজর রেখে চোর শনাক্তের চেষ্টা করে। বিশেষ করে এলাকার ভাঙারি দোকানগুলোর ওপর পুলিশের নজরদারি রয়েছে।’ তিনি এলাকার মানুষকে ট্রান্সফরমার চুরির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।