রাউজানে পর পর তিনটি বিজয়মেলা
উত্তর ও দক্ষিণ রাউজানের তিনটি স্থানে পর পর মুক্তিযুদ্ধের বিজয়মেলা আয়োজন করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর বাগোয়ান ইউনিয়নের গশ্চি উচ্চবিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন সাংসদ মোশাররফ হোসেন। এখানে মেলা চলে তিন দিন। গত ২৭ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মেলা চলে নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের মাঠে। গত ২৯ ডিসেম্বর রাউজান কলেজ মাঠে উদ্বোধন হয় চার দিনব্যাপী বিজয় মেলার। এ দুটি মেলার উদ্বোধক ছিলেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। প্রতিটি মেলায় ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এসব মেলার আয়োজন করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। একই উপজেলায় পর পর তিনটি মেলা অনুষ্ঠান প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাউজান বিজয়মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এ ধরনের অনুষ্ঠান করা দরকার। কারণ এর অভাবে স্বাধীনতাবিরোধীরা ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে।’