রাউজানে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকেরা। দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। রাতেও একই অবস্থা। গ্রাহকেরা বারবার অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। ফলে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাউজান অঞ্চলের গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াপাড়া এলাকার গ্রাহক শফিউল আলম অভিযোগ করে বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কাছ থেকে তার, ট্রান্সফরমারের মূল্য ও অযৌক্তিকভাবে প্রতিমাসে ১০ টাকা হারে মিটার ভাড়া আদায় করছে। তারপরও ঠিকমতো বিদ্যুৎ দিচ্ছে না।’ পাহাড়তলী এলাকার পরিমল দে বলেন, ‘লোডশেডিংয়ে বৈষম্য করা হয়। অনেক এলাকায় দিনে তিন ঘণ্টাও বিদ্যুৎ দেয় না। আবার যেখানে পল্লী বিদ্যুতের লোকজন বসবাস করে সেখানে লোডশেডিং হয় না।’ একই গ্রামের জসিম খান বলেন, দিনে-রাতে বিদ্যুৎ পাই সর্বোচ্চ পাঁচ-ছয় ঘণ্টা। কিন্তু মাস শেষে আসে বেশি টাকার বিল। রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অধীর রঞ্জন দাশ বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। রোগীরা কষ্ট পাচ্ছে।’ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফৌজিয়া খানম বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির উচিত দিনে বা রাতে কোন সময় লোডশেডিং করবে তা গ্রাহকদের আগাম জানিয়ে দেওয়া।’ সহকারী মহাব্যবস্থাপক (নির্মাণ পরিচালন ও রক্ষণাবেক্ষণ) হুমায়ুন কবির জানান, সমিতির চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যায় অর্ধেকেরও কম। যে কারণে পালা ভাগ করে লোডশেডিং করতে হয়। এখানে চাহিদা আট মেগাওয়াট। তার বিপরীতে পাওয়া যায় মাত্র তিন মেগাওয়াট। ঘন ঘন লোডশেডিং প্রসঙ্গে সমিতির পরিচালক জিন্নাত আলী বলেন, ‘এই সময়ে পরিচালক নির্বাচিত হয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। গ্রাহকদের অভিযোগের ফোন যন্ত্রণায় এখন মোবাইল ব্যবহার বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, ‘রাউজানে প্রস্তাবিত ২৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখানকার গ্রাহকদের ধৈর্য ধরতে হবে।’উল্লেখ্য, রাউজানে ২৬ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এখন প্রস্তাবিত স্থানে মাটি ভরাটের কাজ চলছে। আগামী ১৪ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা আছে।