বীজ ও সেচসংকটের কারণে রাউজানে বোরো চাষাবাদ কমে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার গহিরা, বিনাজুরী, পশ্চিম গুজরা, পূর্ব গুজরা, উরকিরচর, পাহাড়তলিসহ বিভিন্ন ইউনিয়নে প্রধান প্রধান বিলগুলো শুকিয়ে আছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময়মতো বীজ ও সেচসুবিধা না পেয়ে তাঁরা বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। জানুয়ারির শেষ দিন পর্যন্ত এখানে বোরো ধান রোপণ হয়েছে প্রায় ৮০০ হেক্টর। এ বছর লক্ষ্যমাত্রা ছয় হাজার ২৫০ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম অবশ্য বলেছেন, এ উপজেলার কৃষকেরা দেরিতে চাষ করতে অভ্যস্ত। চলতি মাসের মধ্যে তাঁরা অনাবাদি জমি আবাদ করে ফেলবেন। পশ্চিম গুজরার কৃষক দোলন দে জানিয়েছেন, বাজারে বীজ নেই, জমিতে পানি পড়েনি। তাঁর মতো অনেক কৃষক তাই এবার বোরো চাষাবাদে নামছেন না। বিনাজুরীর কৃষক সাধন বড়ুয়া বলেছেন, কৃষকেরা সেচ প্রকল্প পরিচালনাকারীদের দাবি অনুযায়ী টাকা দিলেও তাঁদের যথাসময়ে পানি দেওয়া হচ্ছে না। দেরিতে চাষাবাদে নেমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হন। পাহাড়তলির কৃষক নুরুল আলম জানিয়েছেন সেচ প্রকল্প পরিচালনাকারীরা নিজেদের ইচ্ছেমতো সেচযন্ত্র বসান আর নিজেদের নির্ধারিত মূল্যে পানি দেন। তাঁদের নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রতিষ্ঠান না থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হন। ফলে তাঁরা চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কৃষি দিনপঞ্জি থেকে জানা গেছে, বোরো বীজতলা তৈরির উপযুক্ত সময় ১-১৫ অগ্রহায়ণ আর বোরো ধান ঘরে তোলার উপযুক্ত সময় বৈশাখ। অথচ মাঘ শেষ হতে চললেও জমিতে সেচযন্ত্র বসছে কি না এখনো অনেক কৃষক নিশ্চিত হতে পারছেন না। সরকারের বীজ বিতরণকারী প্রতিষ্ঠান বিএডিসির উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন জানিয়েছেন, বোরো চাষে দেরির কারণে তাঁর দপ্তরে বরাদ্দ পাওয়া ২০০ টনের বেশি বোরো বীজ পাঠানো হয়েছে অন্য জেলায়। কৃষকদের সেচসুবিধা প্রদানকারী কর্তৃপক্ষ পল্লি বিদ্যুত্ সমিতি সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার সেচযন্ত্রে বিদ্যুত্ সংযোগ হয়েছে প্রায় অর্ধেক। সমিতির সহকারী মহাব্যবস্থাপক আবদুর রহীম জানান, পল্লি বিদ্যুত্ সমিতি-২-এর আওতাধীন এলাকা রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে গত বছর বোরো মৌসুমে ৬৩৭টি সেচযন্ত্রে সংযোগ দেওয়া হয়েছিল। এ বছর সংযোগ দেওয়া হয়েছে ৩২৩টি। তিনি দাবি করেন, যাঁরা সেচযন্ত্রে সংযোগ নিতে আসছেন তাঁদের যতদূর সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া হচ্ছে।