রাউজানে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
নির্বাচনী হওয়া লেগেছে রাউজান উপজেলার রাজনৈতিক অঙ্গনে। আগামী ১৮ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলার ১৪ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা এলাকার শীর্ষস্থানীয় নেতাদের আশীর্বাদ পেতে তৎপরতা চালাচ্ছেন। বর্তমানে এ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির নীতিনির্ধারক এ বি এম ফজলে করিম চৌধুরী। অপরদিকে উপজেলায় বিএনপির নীতিনির্ধারক হিসেবে আছেন একাধিক নেতা। তাঁদের মধ্যে অন্যতম সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এলাকার ভোটারেরা জানান, তফসিল ঘোষণার পর উপজেলার শীর্ষনেতারা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদে নির্বাচনে সফল হবেন, এমন যোগ্য ব্যক্তি মনোনীত করার চেষ্টা করছেন তাঁরা। আওয়ামী লীগের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী দলীয় ব্যক্তিদের মধ্যে সৎ ও যোগ্য লোকদের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন দলের নেতা-কর্মীদের। তবে প্রতিটি ইউনিয়নে চার-পাঁচজন করে চেয়ারম্যান পদপ্রার্থী থাকায় তিনি কোনো বিশেষ প্রার্থীর পক্ষে সমর্থন জানাননি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা গোলাম আকবর খোন্দকার ৫ মে ঢাকা থেকে চট্টগ্রাম এসে তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা যায়, উপজেলার ১৪ ইউনিয়নের প্রতিটিতে আওয়ামী লীগের একাধিক করে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ দাবি করছেন, দলীয় সাংসদের মনোনয়ন নিয়ে প্রার্থী হচ্ছেন। বিএনপির পক্ষে এখনো কোনো প্রার্থীকে মাঠ পর্যায়ে এসে তৎপরতা চালাতে দেখা যাচ্ছে না। তবে কোনো কোনো ইউনিয়নে একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে দলের শীর্ষস্থানীয় নেতাদের মনোনয়ন পেয়েছেন বলে ভোটারদের কাছে দাবি করেছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান বলেন, ‘এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাংসদের সঙ্গে দেখা করতে প্রতিদিন তাঁর বাসায় অনেক লোকজন যাওয়া-আসা করছেন। তিনি সবাইকে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পরামর্শ দিচ্ছেন।’ বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের গুরুত্বের কথা বিবেচনা করে সাধারণ মানুষের সমর্থন নিয়ে প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়া হবে।’ সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বর্তমান হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান আবদুল মোমেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফি, এস এম বাবর, মাহবুল আলম ও এহছানুল হক। ডাবুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান, কৃষক লীগের নেতা নজরুল ইসলাম ও মোহাম্মদ আলমগীর। চিকদাইর ইউনিয়নে মোহাম্মদ মোবারক, বর্তমান চেয়ারম্যান সিরাজউদ্দিন, সাবেক চেয়ারম্যান কাজী দিদারুল আলম ও নাজিম উদ্দিন। গহিরা ইউনিয়নে ছাত্রলীগের নেতা নাজিম উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর মিয়াজি, মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, সিরাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হারুন ও নাছির উদ্দিন সিদ্দিকী। বিনাজুরী ইউনিয়নে সাধন মুহুরী, রবীন্দ্রলাল চৌধুরী, রাশেদুল আলম, মীর্জা আলমগীর, কামরুল ইসলাম চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান এমদাদুল আকবর। রাউজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, আনোয়ারুল আজিম, দািদারুল আলম ও ফায়জুল ইসলাম চৌধুরী। কদলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম ফারুক, মোজাহেদুল ইসলাম, সাইফুল হক চৌধুরী। পাহাড়তলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক, আহমদ বশর, বিএনপির নুরুল আলম ও মোজাফফর আহমদ। বাগোয়ান ইউনিয়নে মোশারফ হোসেন, মোহাম্মদ আবুল বশর, রেজাউল করিম, আজিজুর রহমান ও ভূপেষ বড়ুয়া। পূর্বগুজরা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন বর্তমান চেয়ারম্যান আবু হোসেন, আনোয়ার চৌধুরী, এম আব্বাস উদ্দিন ও মোহাম্মদ হোসেন। পশ্চিম গুজরা ইউনিয়নে যুবলীগ নেতা সাহাবুদ্দিন আরিফ, মোহাম্মদ আবদুস ছালাম, আলী আজগর ও মোহাম্মদ জেবরমুল্লুক নির্বাচনে প্রার্থী হতে পারেন। উরকিরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার চৌধুরী, এম এ মান্নান, দুলাল বড়ুয়া, খায়েজ আহমদ, শেখ সিরাজুল ইসলাম, আবদুল মজিদ ও মোহাম্মদ আজমের নাম শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে। নোয়াপাড়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, আওয়ামী লীগের নেতা নুর আহাম্মদ, সেলিম জাবেদ, জসিম উদ্দিন ও আনোয়ার হোসেন। নোয়াজিশপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান নুরুল হুদা, রাশেদুল আলম ও সরোয়ারদী সিকদারের নাম শোনা যাচ্ছে।