রাউজানে সড়কের উন্নয়নকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বছর ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মুক্তিযোদ্ধা শিল্পী প্রবাল চৌধুরী সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও সামান্য কাজ করে বাকি কাজ ফেলে রেখেছেন ঠিকাদার। এতে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় এলাকার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাউজান নোয়াপাড়া সড়কের সেকশন-১-এর ঠিক মাঝামাঝি এলাকাটি কাগতিয়া বাজার। পশ্চিম গুজরা ও বিনাজুরী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের প্রধান বাজার এটি।স্থানীয় লোকজন জানান, কাগতিয়া বাজারের সঙ্গে পশ্চিম গুজরা ও বিনাজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম জামুইন সড়ক। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির সম্প্রতি নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা শিল্পী প্রবাল চৌধুরী সড়ক।এই বাজারেই রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। বাজারের আশপাশ ঘিরেই রয়েছে কাগতিয়া আলীয়া মাদ্রাসা, বিনাজুরী উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার পর থেকে সড়কটির উন্নয়নের জন্য এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে বহুবার ধরনা দিয়েছে। সর্বশেষ গত বছর স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সড়কটি উন্নয়নের পদক্ষেপ নেয়।’সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরে এলজিইডি প্রকল্প তৈরি ও দরপত্র আহ্বান করে। প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে সড়কের উন্নয়নকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ট্রেডার্স। কাজ শেষ করার কথা চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি।স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বরে কাজ শুরুর কথা থাকলেও ঠিকাদার কাজ শুরু করেন জানুয়ারিতে। তা-ও কয়েক দিন কাজ করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে চলে যান ঠিকাদারের লোকজন। ফলে সড়কটির দুরবস্থা আগের মতোই থেকে যায়। এলাকার বাসিন্দা সুজিত দে অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে মো. খসরু নামের স্থানীয় এক ব্যক্তিকে উপঠিকাদার হিসেবে দায়িত্ব দেয়। খসরুর তত্ত্বাবধানে কিছু কাজ করা হলেও পরে তিনিও অজ্ঞাত কারণে কাজ বন্ধ করে দেন। সাম্প্রতিক অতিবৃষ্টির সময় সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় এলাকার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে বিভিন্ন স্থানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে এম এ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদ জানান, দলীয় লোকজনের আবদার রক্ষা করতে গিয়ে তিনি খসরুকে কাজ দিয়েছেন। তাঁর দাবি, ‘প্রথমদিকে ইট পাওয়া না যাওয়ায় কাজ শুরু করা যায়নি। কাজ শুরুর পর বর্ষার কারণে কাজ করা সম্ভব হয়নি। তবে বৃষ্টিপাত বন্ধ হলে কাজ শুরু হবে।’ একই রকম অজুহাত তুলে ধরেন উপঠিকাদার খসরুও। এ বিষয়ে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘উন্নয়নকাজ নিয়ে গড়িমসি কোনোভাবেই সহ্য করা হবে না। বিষয়টি আমি খতিয়ে দেখব।’ তিনি আরও জানান, ঠিকাদার প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শেষ করতে না পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির ৫০ শতাংশ কাজ শেষ করেছে। বাকি কাজ শেষ করতে তাগাদা দিয়ে ইতিমধ্যে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে।