রাউজানে সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ
রাউজান নোয়াপাড়া সেকশন-২-এর উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জাপান সরকারের (জাইকা) আর্থিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। জানা গেছে, প্রায় চার বছর আগে প্রকল্পের কাজে অনিয়ম ও দেরির কারণে দুটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ দফায় দরপত্রের মাধ্যমে নির্বাচিত যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নকাজের দায়িত্ব পায় তার মধ্যে একটিকে একাধিকবার ধীরগতি ও অনিয়মের জন্য সাবধান করেছে সংশ্লিষ্ট বিভাগ। এর আগে বিভিন্ন অভিযোগে রাউজানের উন্নয়নকাজে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।সরকারের পূর্বাঞ্চল অবকাঠামো উন্নয়ন (বৃহত্তর চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা) প্রকল্পভুক্ত সড়কটি নির্মিত হচ্ছে জাপানি প্রকৌশলীদের নির্দেশনা অনুসারে। নোয়াপাড়া-রাউজান সড়ক সেকশন-১-এর সংযোগস্থল কর্তারদিঘির পাড় থেকে সাড়ে নয় কিলোমিটারের সড়কটি যুক্ত হওয়ার কথা ছিল রাউজান-পাহাড়তলী হাফেজ বজলুর রহমান সড়কের পানিচতরী (মোহাম্মদপুর ঈদগাহের উত্তরে) এলাকায়। কিন্তু সড়কটির উত্তরাংশের এক কিলোমিটার অংশ স্থানীয় রমজান আলী হাটের ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে স্থানীয়দের প্রতিবাদের মুখে এর উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে রাউজান ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে দরপত্র প্রক্রিয়া শেষে ঠিকাদারকে সংযোগ সড়কের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ভুল তথ্য দিয়ে কাজ করিয়েছে। সেকশন-২ সড়কটি যেখানে বজলুর রহমান সড়কের সঙ্গে মিলেছে সেখানে কাজ না করে বাজার ও স্থানীয়দের জমির ওপর দিয়ে রাস্তা করতে যাওয়ায় কাজ বাধাপ্রাপ্ত হয়। নির্মীয়মাণ সড়কটি পরিদর্শনকালে উন্নয়নকাজে নিয়োজিত লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াপাড়া থেকে অলিমিয়াহাট পর্যন্ত দক্ষিণাংশের উন্নয়নকাজ করছে রাইজিং সিন্ডিকেট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই কোটির বেশি টাকার এই উন্নয়নকাজের প্রায় ৯৫ শতাংশ এরই মধ্যে শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সারজু মোহাম্মদ নাছির বলেছেন, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে মার্চের দ্বিতীয় সপ্তাহে কাজ বুঝিয়ে দেবেন। উত্তরাংশের কাজ করছে শাহ মজিদিয়া সিন্ডিকেট নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অংশের জন্য অর্থ বরাদ্দ চার কোটি টাকারও বেশি। অলিমিয়াহাট থেকে উত্তরমুখী সড়কটির প্রায় দেড় কিলোমিটার সড়কে এখনো চলছে মাটির কাজ। আরও প্রায় পাঁচ শ মিটার সড়কে ঢালা হচ্ছে বালি ও ইটের খোয়া। স্বল্পসংখ্যক শ্রমিক কাজ করছেন ধীরগতিতে। সড়কের উন্নয়নকাজে ব্যবহূত ভালো বালু ও ইটের সঙ্গে কিছু নিম্নমানের বালু ও ইট রয়েছে। স্থানীয় ঝুন্টু বিকাশ দত্ত অভিযোগ করে বলেন, ‘কাজের মান নিয়ে এলাকার মানুষ অসন্তুষ্ট। প্রতিবাদ করেও মান বাড়ানো যাচ্ছে না।’ স্থানীয় নুরুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি কম শ্রমিক দিয়ে যেভাবে কাজ করছে তাতে মনে হয় না বর্ষার আগে কাজ শেষ করা যাবে। সরেজমিনে দেখা যায়, সড়কের অসমাপ্ত অংশ ও সমস্যা আক্রান্ত এক কিলোমিটার সংযোগ পথ বাদ দিলে বাকি অংশের উন্নয়ন কাজ মোটামুটি শেষ হয়েছে। কাজের অনিয়ম ও ধীরগতি প্রসঙ্গে কথা বলতে শাহ মজিদিয়া সিন্ডিকেটের স্বত্বাধিকারী আবদুল মাজেদের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও তিনি কথা বলেননি। তবে পরে তাঁর পক্ষে কয়েকজন ফোন করে অনিয়ম ও ধীরগতির কথা সত্য নয় বলে দাবি করেন।বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী আনোয়ারুল কবির চৌধুরী সঙ্গে কথা হলে তিনি জানান, ‘কাজের অনিয়ম ও ধীরগতির জন্য শাহ মজিদিয়া সিন্ডিকেটকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এই অংশের কাজ আগামী এপ্রিলের প্রথম দিকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।’ সংযোগ সড়ক উন্নয়নকাজের জটিলতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এই কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ লাখ টাকা কেটে রাখা হবে।’