রাউজানে ২ মাসে ১০ অগ্নিকাণ্ড ক্ষতি দুই কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ছোট-বড় ১০টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নষ্ট হয়েছে প্রায় দুই কোটি টাকার সম্পদ। আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় পরিবার মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর। প্রতিটি আগুন লাগার সূত্রপাত রান্নাঘরের চুলা অথবা পুরোনো, ছেঁড়া বৈদ্যুতিক তার (কেব্ল) থেকে সৃষ্ট গোলযোগ (শর্ট সার্কিট) থেকে। মূলত অনবধানতার (সাবধান না হওয়া) কারণে এসব অগ্নিকাণ্ড ঘটছে বলে উপজেলার বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে। রান্নার চুলা থেকে সৃষ্ট এ আগুনে পুড়ে যায় একটি মৎস্যজীবী গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় ১২টি পরিবার। ফায়ার সার্ভিসের সূত্রমতে, ক্ষয়ক্ষতি প্রায় ১২ লাখ টাকা হলেও স্থানীয় লোকজনের দাবি ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা। ১৮ ফেব্রুয়ারি ভোরে আগুনে পুড়ে যায় উরকিরচর ইউনিয়নের শফি শাহের মুরগির খামার। ১১ ফেব্রুয়ারি উত্তর হলদিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ পরিবারের বসতঘরসহ চারটি দোকান এবং ২২ জানুয়ারি নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদিমপুর এলাকার কামিল চৌধুরীর বাড়িতে পুড়েছে ২৫টি ঘর। দুটি ঘটনাই ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ থেকে। এতে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা। এটিরও সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগ থেকে। এর আগে আগুনে পুড়ে মারা যায় হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকার নুর আয়েশা (৫৫) নামের এক নারী। আগুন লাগে কুপিবাতি থেকে। এ ছাড়া গত দুই মাসে দক্ষিণ রাউজানে বাগোয়ান ইউনিয়নে ছোট-বড় চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচখাইন গ্রামের রুস্তম আলীর বাড়িতে আটটি বসতঘর পুড়ে যায় চুলার আগুনে।একইভাবে এক দিন পর লাম্বুরহাট এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ২৫টি পরিবার। উভয় ঘটনায় নষ্ট হয়েছে ৪৫ লাখ টাকার সম্পদ।এ ছাড়া জানুয়ারিতে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামে বীণা মহাজনের বাড়িতে ঘরের চুলা থেকে আগুন লেগে আটটি ঘর এবং একই ইউনিয়নের সওদাগরপাড়ায় ২০টি ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। এ দুটি ঘটনায় এক লাখ ১০ হাজার টাকার সম্পদ নষ্ট হয়।ফায়ার সার্ভিসের সদস্যরা এসব দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোর অসাবধানতাকে দায়ী করেছেন। তাঁদের অভিমত, ঘরের ছেঁড়া ও জোড়াতালির পুরোনো বৈদ্যুতিক তার বাদ দিয়ে মানসম্মত তার ব্যবহার এবং রান্না শেষে চুলার আগুন নিভিয়ে দিলে আগুন লাগার ঘটনা অনেক কমে যাবে।হাটহাজারী দমকল বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আনছারী বলেন, ‘আগুনের কবল থেকে রক্ষা পেতে জনসচেতনতা প্রয়োজন। সংশ্লিষ্ট সবার উচিত আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের খবর দেওয়া। ঘরের পুরোনো ও ছেঁড়া বৈদ্যুতিক তার পরিবর্তন ও চুলার আগুন প্রয়োজন শেষে ভালোভাবে নেভানো হয়েছে কি না দেখার অভ্যাস করলে অগ্নিদুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।’ ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী গত দুই মাসে রাউজানের বিভিন্ন গ্রামে আগুনে দেড় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।এ ছাড়া ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তৎপরতায় পাঁচ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে।প্রসঙ্গত, রাউজানে কোনো ফায়ার ব্রিগেড স্টেশন (অগ্নিনির্বাপণ কেন্দ্র) নেই। বিভিন্ন সময় খবর পেয়ে হাটহাজারী ও কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসেন।