রাউজানের গ্রামীণ সড়ক থেকে হারিয়ে যাচ্ছে তালগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের বিভিন্ন গ্রামীণ সড়ক থেকে তালগাছ হারিয়ে যাচ্ছে। একশ্রেণীর অর্থলোভী মানুষ নির্বিচারে কেটে ফেলছে এসব তালগাছ। গত দু-তিন বছরে এখান থেকে ছোট বড় বহু তালগাছ কেটে নিয়ে যাওয়া হয় ঢাকাসহ বিভিন্ন হাওর এলাকায়।নির্বিচারে তালগাছ কেটে ফেলায় এলাকায় আগের মতো তাল পাওয়া যায় না। মৌসুমি তালপিঠার স্বাদ থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানান স্থানীয়রা। গাছের ব্যবসায় নিয়োজিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা গড়ে প্রতিটি তালগাছ কেনেন এক-দুই হাজার টাকায়। এসব গাছ বিভিন্ন আকারে কেটে ঢাকার হাওর ও নোয়াখালীর চরাঞ্চলে সরবরাহ করা হয়। এ কাজে নিয়োজিত শ্রমিক নূর আলম জানান, রাঙ্গুনিয়ার এক ব্যবসায়ী গ্রাম থেকে তালগাছ কিনে হাওর ও চরাঞ্চলের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।স্থানীয় পূর্বগুজরা গ্রামের মঞ্জিলা খাতুন জানান, তিনি তাঁর পুকুরপাড়ের তালগাছটি বিক্রি করেছেন ফলন না দেওয়ার কারণে। রাউজান উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান চৌধুরী তালগাছ কাটার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি ছাড়া তাঁর করণীয় কিছু নেই।রাউজান পরিবেশদূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবসার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘রাউজানের বিভিন্ন প্রাকৃতিক শোভার মধ্যে তাল গাছ অন্যতম। প্রতিটি গ্রাম থেকে পাইকারি হারে ছোট বড় তালগাছ নিধনযজ্ঞ চললেও সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান এর প্রতিবাদ করছে না।’এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আবদুস সোবহান বলেন, জনসচেতনতা সৃষ্টি করে এটি স্থানীয়ভাবে প্রতিরোধ করা উচিত। তবে তাঁর কার্যালয় থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার মতো জনবল নেই বলে জানান তিনি।