রাউজানের পাহাড়ে গাছ কাটা হচ্ছে নির্বিচারে
রাউজানের পূর্ব সীমান্তবর্তী পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থান থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। পাঁচ-সাত বছর বয়সী এসব গাছ কেটে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালীরা সরকারি ও বন বিভাগের মালিকানাধীন পাহাড়, টিলা জবরদখল করে গাছের চারা লাগাচ্ছেন। পরে ওই গাছ একটু বড় হয়ে উঠলেই অর্থাত্ ছোট অবস্থায় কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। ডাবুয়া ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন জানিয়েছেন, সম্প্রতি স্থানীয় কলমপতি এলাকার সরকারি মালিকাধীন পাহাড় থেকে গাছ কাটার সময় পুলিশ প্রায় শতাধিক গাছ আটক করেছে। গাছ কাটায় জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এখনো গাছ কাটা চলছে বলে স্থানীয়রা জানান। জানা গেছে, হজরত আশরাফ শাহের (রা.) মাজারের কাছাকাছি বিশাল পাহাড়ি এলাকা ও টিলাভূমি থেকে পাঁচ-সাত বছর বয়সী এসব চারাগাছ কেটে রাঙ্গুনিয়া ও পার্বত্য উপজেলা কাউখালীর বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়। প্রত্যক্ষদর্শী আশুতোষ বড়ুয়া জানিয়েছেন, মাজারের পূর্ব পাশের পাহাড় থেকে গত সপ্তাহে অন্তত দুই হাজার গাছ কাটা হয়েছে। এগুলো নেওয়া হচ্ছে পোমরা-ছায়েরী বাজারের বিভিন্ন ইটভাটা ও করাতকলে। অপরদিকে, পোমরা-শান্তিরহাট সড়কপথে নেওয়া গাছ পাচার হচ্ছে স্থানীয় করাতকলগুলোতে। জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা বন বিভাগ ও সরকারি পাহাড় ও টিলাভূমি দখল করে চারাগাছ রোপণ করেন। গাছের বয়স পাঁচ-সাত বছর হলেই সেগুলো বিক্রি করে দেন কাঠব্যবসায়ীদের কাছে। এভাবে গাছ কাটা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রাউজান পরিবেশদূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবসার। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কদলপুর ও আশপাশের এলাকার কয়েক শ একর সরকারি খাস ও বন বিভাগের পাহাড়, টিলাভূমি স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে রেখেছেন। এর মধ্যে পাহাড়তলিতে বনানী সমবায় সমিতির দখলে আছে শতাধিক একর খাসটিলা ও পাহাড়ি ভূমি। সন্দ্বীপ নদীভাঙা পরিবারের পুনর্বাসন আন্দোলনের সঙ্গে যুক্ত মোহাম্মদ শাহজাহান অভিযোগ করেন, কদলপুর ও পাহাড়তলি এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা শতাধিক একর সরকারি খাস টিলাভূমি স্থায়ী বন্দোবস্তি পেয়েছিলেন। কিন্তু এক যুগের বেশি সময় পরও বেশির ভাগ পরিবার সরকারের দেওয়া জমির দখল পাননি স্থানীয় জবরদখলকারীদের বাধার কারণে। গত ২৭ ডিসেম্বর কদলপুর পাহাড় ও টিলাভূমি এলাকায় সরেজমিনে দেখা যায়, মাজারের পাশে একটি টিলাভূমি থেকে নির্বিচারে কাটা হচ্ছে পাঁচ-সাত বছর বয়সী ছোট ছোট গাছ। এর সঙ্গে জড়িত খায়েজ আহমদ দাবি করেন, তাঁদের নামে খতিয়ানভুক্ত জমি থেকেই এসব গাছ কাটা হচ্ছে। মাজারের পূর্ব পাশের পাহাড়ি এলাকায়ও দেখা গেছে গাছ কাটার দৃশ্য।চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক মোল্লা মিজানুর রহমান বলেন, সরকারি খাসজমি থেকে গাছ কাটা হলে সেটি দেখবেন জেলা প্রশাসন। বন বিভাগের ভূমি থেকে গাছ কাটা হচ্ছে—এমন অভিযোগ তাঁরা পাননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ নিজস্ব বাগান থেকে গাছ কেটে পরিবহন করতে হলেও বন বিভাগের অনুমতি নিতে হয়। এ পর্যন্ত রাউজান থেকে গাছ কেটে পরিবহনের অভিযোগও তাঁর দপ্তরে আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন পাল জানান, সরকারি খাসভূমি থেকে গাছ কাটার ব্যাপারে তিনি অবগত নন।