রাখাইন তাঁত কি হারিয়ে যাবে?

একসময় দম ফেলার ফুরসত ছিল না। দিন-রাত তাঁতের খটখট শব্দে মুখর ছিল কক্সবাজারের মহেশখালীর পৌর এলাকার বড় রাখাইনপাড়া। এমনও দিন গেছে ফেরত দিতে হয়েছে ফরমায়েশ। কিন্তু সেই ব্যস্ততা এখন আর নেই। বন্ধ হয়ে যাচ্ছে তাঁত। গড়ে ওঠা তাঁত কারখানাটিরও নিবু নিবু অবস্থা। গত দুই বছর ধরে কমে গেছে কাজ।
বড় রাখাইনপাড়া তাঁত কারখানার সঙ্গে জড়িত মহিলারা জানান, ২১ জন রাখাইন মহিলা সংগঠিত হয়ে ১৯৮১ সালে গোরকঘাটায় এই তাঁত কারখানাটি গড়ে তোলেন। পরে ১৯৮৫ সালে রাখাইন মহিলা বিত্তহীন সমবায় নামের একটি সমিতিও গঠন করেন তাঁরা। এর পর থেকে ঢাকার এক ব্যবসায়ী এই কারখানা থেকে তাঁতের কাপড় কিনতে থাকেন। তাঁতের বিভিন্ন কাপড়—গায়ের ও বিছানার চাদর, থ্রি-পিস, লুঙ্গি, ব্যাগ, ফতুয়া ও থান কাপড় তৈরির জন্য প্রতি মাসেই তিনি ফরমায়েশ দিতেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও ফরমায়েশ দিতেন কাপড়ের জন্য। ফলে জমজমাট হয়ে ওঠে কারখানার পরিবেশ। মাসে ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত মজুরি পেয়ে ভালোই চলছিল তাঁদের দিন। এখানকার তাঁতে বোনা কাপড় দেশের বাইরে নেদারল্যান্ডস, জাপান ও ভুটানেও রপ্তানি করতেন ঢাকার ওই ব্যবসায়ী। কিন্তু ২০১১ সালের শুরুতে তিনি কাপড়ের ফরমায়েশ বন্ধ করে দিলে কাজ কমে যায়। সুতা ও রঙের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও আর আগ্রহ দেখান না। ফলে বেকার হয়ে পড়েন অনেকে। ইতিমধ্যে ২১ জনের মধ্যে পেশা বদল করেছেন ১৭ জন।
গত সোমবার সকালে গিয়ে দেখা যায়, কারখানায় কাজ করছেন মাত্র দুজন রাখাইন মহিলা। কাপড় বোনার একটি তাঁতে কাজ করছেন তাঁরা। অলস পড়ে আছে আরও সাতটি তাঁত।
সেখানে কথা হয় মা লা (৪৫) নামের এক রাখাইন মহিলার সঙ্গে। তিনি বলেন, ‘এখন আমরা চারজন ছাড়া বাকিরা কাজ করছেন না। তাঁরা দর্জিসহ অন্য পেশায় চলে গেছেন।’ তিনি জানান, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকেরাও আগের মতো তাঁতের কাপড় কেনেন না। ফলে বিক্রিবাট্টা ভালো হচ্ছে না।

রাখাইন মহিলা বিত্তহীন সমবায় সমিতির সভাপতি মা মি (৬০) জানান, আড়াই বছর আগে ঢাকার ওই ব্যবসায়ী কাপড় তৈরির ফরমায়েশ বন্ধ করে দেন। মূলত এরপর কাজ প্রায় বন্ধ হয়ে যায়। তা ছাড়া বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়াও অন্যতম কারণ। আগে এক বান্ডিল সুতা কিনতে ৭০০ টাকা লাগত। আর সেই সুতা কিনতে হয় দুই হাজার টাকায়। ফলে কাপড়ের দাম বেড়ে যাওয়ায় পর্যটক ও স্থানীয় লোকজনও আগের মতো কাপড় কিনছেন না। বর্তমান অবস্থা বিরাজ করলে একসময় তাঁত বন্ধ হয়ে যাবে।
বাজার ঘুরে দেখা গেছে, বিছানার চাদর ৩০০ থেকে ৮০০ টাকা, থ্রি-পিস ৩০০ থেকে ৭০০, ফতোয়া ৩০০ থেকে ৫০০, গায়ের চাদর ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।