রাখাইন মেয়েদের চমকানো সাংগ্রাং
গাছের ফুল, লতাপাতা আর রঙিন কাগজ দিয়ে সাজানো মণ্ডপের ভেতরে অপেক্ষমাণ রাখাইন তরুণীর দল। সামনে শীতল জলভর্তি সারিবদ্ধ ড্রাম। এ জলেই ভিজে শুদ্ধ হবেন তাঁরা। এ জল মুছে দেয় অতীতের যত গ্লানি, দুঃখ-বেদনা, হিংসা-বিদ্বেষ আর হানাহানি। এ জল পূর্ণ করে যত আশা-আকাঙ্ক্ষা। স্বপ্নের ঘরে উঁকি মারে ভালোবাসার রঙধনু। এই তো সাংগ্রাং, এই হচ্ছে আনন্দের জল-উৎসব। কক্সবাজার শহরের টেকপাড়া, চালবাজার, বড়বাজার, বৌদ্ধমন্দির সড়কসহ বিভিন্ন স্থানে ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান সাংগ্রাং। রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান এটি। যুগ যুগ ধরে রাখাইন তরুণ-তরুণীরা মণ্ডপে দাঁড়িয়ে একে অপরের প্রতি পবিত্র জল ছুড়ে দেন। কিন্তু এবারের উৎসবটা একটু ব্যতিক্রম। তরুণীদের উপস্থিতি একেবারেই কম ছিল। গত দুই দিনে শহরের একাধিক মণ্ডপ ঘুরে দেখা গেল, পুরো উৎসবটি রাখাইন শিশুদের দখলে। তারা নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে। আজ মঙ্গলবার তিন দিনের জলকেলি উৎসবের শেষ দিন। তরুণীদের অনাগ্রহ : গত বছর অনুষ্ঠিত জল-উৎসবে তরুণ-তরুণীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, টেকনাফ, চৌফলদণ্ডি, চকরিয়া, হারবাং, মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে তাঁরা শহরের মণ্ডপে এসে অংশ নেন। তখন ছোট ছেলেমেয়েদের দাঁড়িয়ে উৎসব উপভোগ করতে দেখা যেত। কিন্তু এবার তাঁদের অনুৎসাহ দেখে অনেকেই অবাক হয়েছেন। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তরুণ-তরুণী জানান, রাখাইন সম্প্রদায়ের মানুষ এখন নানাভাবে বিভক্ত। যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁদের সঙ্গে অন্যদের বনিবনা নেই। জায়গা-জমি নিয়ে বিরোধ, সামাজিক অস্থিতিশীলতা, অভাব-অনটন আর বিয়ে-শাদির কারণে তরুণীর অংশগ্রহণ কমে গেছে। তারপরও সামাজিকতা রক্ষার স্বার্থে ছোটদের দিয়ে উৎসব করানো হচ্ছে। শহরের বৌদ্ধমন্দির সড়কের চাকরিজীবী তরুণ আবু রাখাইন জানান, এখন উৎসবে যেতে কোনো তরুণী স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কারণ তরুণেরা নানা ভাবে তাঁদের বিরক্ত করেন। এতে উপস্থিত দর্শকদের সামনে তরুণীরা বিব্রত হন। ক্ষুণ্ন হয় সম্প্রদায়ের ভাবমূর্তি। এ কারণে অভিভাবকেরা তাদের মণ্ডপে পাঠাতে রাজি হচ্ছেন না। আরেক যুবক জানান, আগে ১৭ এপ্রিল থেকে পুরো জেলার মণ্ডপগুলোতে একসঙ্গে তিন দিনের সাংগ্রাং চলত। আর এখন যার যেমন ইচ্ছা। কেউ কেউ ১৫ ও ১৬ এপ্রিল উৎসব শুরু করে দেন। এতে উৎসবের আনন্দ ও জৌলুশ হারিয়ে যায়। কেন এ উৎসব : ১৪ এপ্রিল ১৪১৮ বাংলা নববর্ষের তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল থেকে মগী অব্দ ১৩৭৩ শুরু। মগী পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট তিন সেকেন্ড থেকে নতুন মগী সন শুরু। তাই নতুন এই সনকে বরণ এবং পুরোনো ১৩৭২ সনকে বিদায় জানাতে রাখাইন সম্প্রদায় তিন দিনের এ জলকেলি উৎসবে মেতে ওঠেন। প্রধান আকর্ষণ : তিন দিনের এ উৎসবের প্রধান আকর্ষণ জল ছোড়াছুড়ি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত রাখাইন তরুণ-তরুণী নতুন পোশাকে সেজে মণ্ডপে ঢোকেন। তাঁরা নেচেগেয়ে বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়ান। প্রবীণ ব্যক্তিরা পাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁদের উৎসাহ জোগান। জীবনসঙ্গী নির্বাচনের উপলক্ষ : জলকেলি উৎসবকে অনেকে রাখাইন তরুণ-তরুণীদের জীবনসঙ্গী নির্বাচনের উপলক্ষ বা সুযোগ মনে করেন। দেখা যায়, তরুণীরা ড্রাম বা কাঠের তৈরি নৌকা ভর্তি জল নিয়ে মণ্ডপে তরুণদের অপেক্ষায় থাকেন। বিভিন্ন মহল্লা থেকে তরুণেরা নেচে গেয়ে মণ্ডপে ঢোকেন এবং তরুণীদের সামনে এসে দাঁড়ান। এরপর পছন্দের তরুণীকে বেছে নিয়ে জল ছুড়ে তাঁর সঙ্গে পানিখেলায় অংশ নেওয়ার অনুরোধ জানান। তরুণীটি তৎক্ষণাৎ জল ছুড়ে তরুণের আহ্বানে সাড়া দেন। এভাবে পছন্দের পাত্রের সঙ্গে পাত্রীর দীর্ঘক্ষণ চলে পানিখেলা। এরই ফাঁকে তরুণীকে কাছে ডেকে তরুণ মনের কথা বলেন। আবার হবে তো দেখা : আজ ১৯ এপ্রিল, মঙ্গলবার। ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে নেমে আসবে নীরবতা। এ সময় বন্ধ হবে পরস্পরের প্রতি জল ছোড়াছুড়ি। সেই সঙ্গে বন্ধ হবে গান-বাজনাও। খুশি মনে তরুণীরা এগিয়ে যাবেন তরুণদের কাছে। বিদায় নেওয়ার আগে জানতে চাইবে, আবার দেখা হবে তো? মঙ্গল প্রার্থনা কাল ২০ এপ্রিল সকালে রাখাইন নারী-পুরুষ দলবেঁধে ধর্মীয় শোভাযাত্রাসহকারে মন্দিরে যাবেন। এসময় বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়, নতুন বছরের প্রতিটা দিন যেন সবার ভালোই কাটে। সব ঘরে যেন সুখশান্তির ছোঁয়া লাগে।