রাখাইন শিক্ষার্থীদের মিলনমেলা
রাখাইন শিক্ষার্থীরা গঠন করেছে বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর নেতারা মনে করছেন, বসবাস যেখানেই হোক, অধিকার আদায় করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলতে হবে একসঙ্গে। তাই তাঁরা সিদ্ধান্ত নেন, ছয় মাসে না হোক বছরে অন্তত একবার সবাইকে এক জায়গায় মিলিত হতে হবে। অনেকটা শিক্ষাসফরের মতো। যেমন কথা তেমন কাজ। শেষে সিদ্ধান্ত হলো মিলনোৎসব হবে কুমিল্লার ময়নামতিতে। কক্সবাজার, টেকনাফ ও মহেশখালীর ৮১ শিক্ষার্থী সম্প্রতি দুটি বাসে করে রওনা দিলেন কুমিল্লার উদ্দেশে। পরের দিন চট্টগ্রামের ৩০, ঢাকার ৬৫, বরিশাল ও কুয়াকাটার ২৩ জনসহ দুই শতাধিক শিক্ষার্থী পৌঁছে গেলেন কুমিল্লা সেনানিবাস কলেজ প্রাঙ্গণে। কলেজের কাছে বৌদ্ধসভ্যতার নিদর্শন ইটাখোলা মুড়া। ইটাখোলা মুড়া ভ্রমণ শেষে সবাই ফিরে গেলেন আনন্দময়ী নামের পিকনিক এলাকায়। পাশেই বৌদ্ধ ধর্মের ধ্বংসাবশেষ স্মৃতির নিদর্শন শালবন বিহার। হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের এসব ধ্বংসাবশেষ দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। বর্গাকার বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট। চার বাহুতে ১১৫টি সন্ন্যাস কক্ষ। মধ্যভাগে উন্নত মন্দির ও উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশাল তোরণ এটির বিশেষ আকর্ষণ। পাশের জাদুঘরে রয়েছে জাদিবুদ্ধ বজ্রসত্ব মূর্তি। এটি শালবন বিহারের নিচে ভোজ বিহারে প্রত্নতাত্ত্ব্বিক খননকাজের সময় (১২ মে ১৯৯৪) আবিষ্কৃত হয়। এটি নিরেট ব্রোঞ্জের তৈরি। এটি এশিয়ার সর্ববৃহত্ নিরেট ব্রোঞ্জের তৈরি মূর্তি। রাখাইন তরুণ তরুণীরা এতক্ষণ ধরে বৌদ্ধধর্মের আদি ইতিহাস ও প্রত্নতত্ত্ব মনভরে উপভোগ করেন। এসব দেখতে দেখতে দুপুর আড়াইটা বেজে গেল। এবার খাওয়ার পালা। শেষে নব শালবন বিহারে বসে আলোচনা সভা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জো থেন রাখাইন। নানা বিষয়ে প্রস্তাব তুলে ধরেন সাধারণ সম্পাদক হ্লা শান, মং থোয়েন এ, চেন মং, ঞিঞি, টিনটিন, উ বা, খিন ছিন, মং ছেন লাইন, নাই নেচা, মাখিন ছেন, মং ঞে ছা রাখাইন প্রমুখ। এরপর সবাই মেতে ওঠে রাখাইনজগত নিয়ে তৈরি করা কুইজ প্রতিযোগিতায়। গান করেন কক্সবাজারের ওবা রাখাইন, বরিশালের জো থেন ও মহেশখালীর মিস ই চেন রাখাইন। সভাপতি জো থেন বলেন, ‘মূলত রাখাইন শিক্ষার্থীদের ঐক্যের জন্য একজায়গায় মিলিত হয়েছিলাম। দেশ গড়ার কাজে আমরা ভূমিকা রাখব—এই শপথ নিয়েছি।’ সংগঠনের সাধারণ সম্পাদক হ্লা শান রাখাইন জানান, আগামী বছরের বৈঠকে এর সংখ্যা দ্বিগুণ হবে আশা করছি।