রাখাইন সম্প্রদায়ের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নিজের সম্প্রদায়ের জন্য গৌরব বয়ে এনেছেন উচিংলয়েন। ছবি: প্রথম আলো
নিজের সম্প্রদায়ের জন্য গৌরব বয়ে এনেছেন উচিংলয়েন। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক উচিংলয়েন। শিক্ষক হিসেবে এই নিয়োগপ্রাপ্তি তাঁকে জায়গা দিয়েছে ইতিহাসের পাতায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় তখন শেষ বিকেলের আড্ডা জমে উঠেছে। আমরা টিএসসি সড়কদ্বীপের সামনাসামনি ফাঁকা জায়গায় গিয়ে বসি। সঙ্গে ছিমছাম গড়নের মানুষটার চোখে চিকন ফ্রেমের চশমা। মুখে মৃদু হাসি লেপ্টে আছে। নিজেকে তিনি দাঁড় করিয়েছেন সফল মানুষের উদাহরণ হিসেবে। পরিশ্রমী মানুষের অনন্য উদাহরণও কি নয়? তাঁর সম্প্রদায়ের জন্য তিনি বয়ে এনেছেন গৌরব। রাখাইন সম্প্রদায়ের এই মানুষটি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুনে অবাক না হয়ে পারি না যখন উচিংলয়েন নামের এই মানুষটি বলেন, ‘কলেজে পড়ার আগ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমন কিছু জানতামই না।’

গত বছরের ১ জুলাই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই নিয়োগপত্র উচিংলয়েনকে শুধু চাকরিই দেয়নি, ঠাঁই দিয়েছে ইতিহাসের পাতায়। কী সেই ইতিহাস? তিনি বললেন, ‘একজন রাখাইন হিসেবে আমিই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি।’

এই অনন্যকীর্তি গড়ার শুরুর গল্পটা জানতে আমরা ফিরে যাই তাঁর জীবনের আরও পেছনে।

পাঠশালায় হাতেখড়ি

বরগুনার তালতলী উপজেলা সদরের ছাতনপাড়া। পুরো গ্রামে ৪০ ঘর রাখাইন পরিবারের বাস। তারই একটি উচিংলয়েনদের। তাঁর বাবা চিনতেন শিক্ষকতা করতেন ছাতনপাড়া বৌদ্ধবিহারের একটি পাঠশালায়। খুদে পড়ুয়ারা সেখানে রাখাইন ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি ভাষা চর্চার সুযোগ পেতেন। উচিংলয়েন বলে যান, ‘আমারও হাতেখড়ি বাবার স্কুলে। তারপর ক্লাস ওয়ানে ভর্তি হই ছাতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে (এখন সরকারি)। মজার বিষয় হলো গ্রামে সেই প্রাথমিক বিদ্যালয়ে আমি ছিলাম তৃতীয় ব্যাচের ছাত্র। নতুন স্কুল বলে ছোট ক্লাসে বেঞ্চ ছিল না। বসতে হতো বাড়ি থেকে সঙ্গে আনা মাদুর বিছিয়ে। তবে বিপত্তি বাধত বর্ষায়, প্রতিদিন হাঁটুপরিমাণ কাদা মাড়িয়ে মাদুর ও স্লেট হাতে যেতে হতো স্কুলে।’

দিনে দিনে বড় ক্লাসে উঠতে থাকেন উচিংলয়েন। গ্রামের ছোট নদীর সাঁকো পার হয়ে একদিন ভর্তি হন তালতলী মাধ্যমিক বিদ্যালয়ে। ষষ্ঠ শ্রেণির উচিংলয়েন তখন স্বপ্ন দেখতেন বাবা চিনতেনের মতো বড় হয়ে শিক্ষক হবেন।

মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দিনটা ​স্পষ্ট মনে আছে তাঁর। স্কুলের প্রথম ছাত্র হিসেবে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। ‘আমি সেদিন এক নির্জন জায়গায় বসে ছিলাম। সন্ধ্যার দিকে হঠাৎ কয়েকজন এসে আমাকে কাঁধে তুলে সোজা স্কুলে নিয়ে গেল। স্কুলে তখন এলাহিকাণ্ড। খবর পেয়ে প্রধান শিক্ষক থেকে স্কুলের পরিচ্ছন্নতাকর্মী সবাই হাজির, যেন উৎসব বেঁধে গেল পুরো গ্রামে।’ বলছিলেন উচিংলয়েন।

 বাড়িতে ফিরে দেখলেন মা কাঁদছেন। ‘আমাদের টানাটানির সংসার ছিল। ভালো রেজাল্ট করেছি শুনে মা নিশ্চয় খুশি হয়েছিলেন। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তিনি কেঁদেছেন।’ বলেন উচিংলয়েন। তবে মা একমাত্র ছেলেকে সব সময় পড়াশোনায় তাগিদ দিতেন। পড়ার খরচ নিয়ে ভাবতে দিতেন না।

উচ্চমাধ্যমিকে ভর্তি হন বরগুনার তালতলী ডিগ্রি কলেজে। সেখানেও সবার সেরা হয়ে চমকে দেন। বিপত্তি বাধে এর পরই। কী পড়বেন এখন? এগিয়ে এলেন গ্রামের একজন কলেজশিক্ষিকা কাকি। উচিংলয়েন বলেন, ‘চানসে কাকি ছোটবেলা থেকে আমাকে স্নেহ করতেন। সব সময় সাহায্য করতেন। তাঁর বাসায় আমি দীর্ঘদিন পড়েছি। তিনিই আমাকে ঢাকা পাঠাতে বলেন। আর্থিক সহায়তারও নিশ্চয়তা দিলেন।’

ছাতনপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম ঢাকায় পা ফেলেই উচিংলয়েনের মনে হয়েছিল বাড়ি ফিরে যাবেন। কিন্তু তিনি তো মায়ের কাছে পণ করে এসেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই বাড়ি ফিরবেন। শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং পর্ব। থাকেন ফার্মগেটের একটি হোস্টেলে। দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস। উচিংলয়েনের ব্রতে চিড় ধরে। প্রথমে বাড়ি ছেড়ে থাকার কষ্ট তাঁকে চেপে ধরে। তিনি বলেন, ‘এক মাস পর আমি বাড়ি ফিরে যাই। মা-বাবার জন্য ভীষণ মন খারাপ হয়।’ তবে ফিরে যাওয়া মানেই সব শেষ নয়। তিনি ফিরে আসেন নতুন উদ্যমে। ‘তখন আমি প্রচুর পড়তাম। ক্লাস, খাওয়া, ঘুমের সময় বাদে আমি পড়তাম।’ ভর্তি পরীক্ষা দিয়ে কিছুদিন পর বাড়ি ফেরার লঞ্চে চাপেন উচিংলয়েন। লঞ্চেই খবর পান ভর্তি পরীক্ষায় টিকে গেছেন তিনি।’

উচিংলয়েন বলেন, ‘আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ পেয়েছিলাম। নতুন বিষয় বলে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ভর্তি হয়ে যাই। আমি ভর্তির সময় কিন্তু কোটা ব্যবহার করিনি।’ শুরু হলো উচিংলয়েনের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্ব। জায়গা হলো জগন্নাথ হলে। হলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিতে প্রথম বর্ষ পার। ফল খারাপ হলো। প্রথম তিনজনের মধ্যে নেই। সবকিছু ছেড়ে পড়াশোনায় মনোযোগী হলেন উচিংলয়েন। তার ফলও পেলেন স্নাতকের শেষে। প্রথম শ্রেণিতে চতুর্থ হলেন। ধারা অব্যাহত থাকল স্নাতকোত্তরেও। প্রথম শ্রেণিতে হলেন দ্বিতীয়। তারপর এল অবিস্মরণীয় সেই দিন। শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তি।

যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাকের আহমেদ বলেন, ‘প্রথম একজন রাখাইন সম্প্রদায়ের শিক্ষক নিতে পেরে আমরা খুব খুশি। উচিংলয়েন তাঁর নিজের যোগ্যতার জোরেই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।’

উচিংলয়েনের এখন দিন কাটে ব্যস্ততায়। হাউস টিউটর হয়েছেন জগন্নাথ হলের। সময় দেন রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থীদের সংগঠনে। পিছিয়ে পড়া নিজের সম্প্রদায়কে এগিয়ে নিতে নানা উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে সব কাজের মধ্যেই আগের মতো প্রতিদিন অন্তত তিনবার ফোনে মা-বাবার সঙ্গে কথা বলতে হয়। বলতে বলতে ফোন বেজে ওঠে উচিংলয়েনের। কী আশ্চর্য, ওপাশে তাঁর মা!