রাগ কমাই যেভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগ মানুষের সহজাত অনুভূতির প্রকাশ। রাগ করার জন্য যেমন বয়স লাগে না, তেমনি প্রয়োজন হয় না সুনির্দিষ্ট কোনো কারণের। কেউ হয়তো অল্পতে রেগে যান, কেউ আবার সহজে রাগেন না। তবে কখনোই রেগে যান না এমন মানুষ মেলা ভার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা খাতুন বলেন, বয়সভেদে রাগের ধরন এবং প্রকাশভঙ্গি হয় বিভিন্ন। যেমন নয় বছর বয়সী বাচ্চার রাগের প্রকাশ হবে এক রকম, আবার যারা তরুণ তাদের রাগের প্রকাশ হবে ভিন্ন রকম। তারা হয়তো যাওয়ার সময় দরজাটা জোরে লাগাচ্ছে বা কিছু ভাঙচুর করছে ইত্যাদি।অনেকে আবার রেগে গিয়ে গলাবাজি করেন। অন্যকে ছোট করতে গিয়ে তিনি নিজেই গালাগালি করে মানুষের কাছে ছোট হন। নাজমা খাতুন বলেন, ‘অনেক সময় রেগে গিয়ে আমরা গলার স্বর উঁচু করে কথা বলি। বিশেষ করে বড়রা যদি এভাবে কথা বলেন তাহলে পরিবারে যারা ছোট, তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। এতে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। রাগ হলে তবে কী করা যায়! রাগ আপনি অবশ্যই করবেন। তবে আপনার রাগ করাটা কতটা প্রাসঙ্গিক তা বিচার করার দায়িত্ব কিন্তু আপনারই।’অনেকের মধ্যে বংশানুক্রমে রাগের ধারাবাহিকতা থাকে। বিষয়টা সত্য, তবে কখনোই এই বিশ্বাসকে মেনে নিয়ে চলা উচিত হবে না। বিশেষজ্ঞরা বলেন, শুধু চর্চার ওপর নির্ভর করে রাগ দমন করা সম্ভব। রাগ দমন করার জন্য নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে। এ ক্ষেত্রে আগের অভিজ্ঞতা আপনাকে সহায়তা করতে পারে। তা ছাড়া অনেক সময় মানুষ রেগে যাওয়ার আগে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ জানান দেয় কিছু একটা ঘটতে যাচ্ছে। যেমন—চোখ লাল হয়ে যাওয়া, মাথা গরম হওয়া ইত্যাদি। মোট কথা, মানুষ অনুভব করতে পারে এখন এমন কিছু ঘটতে যাচ্ছে, যা খারাপ হতে পারে। মনোরোগ চিকিৎসক নাজমা খাতুন বলেন, রেগে যাওয়ার আগে যুক্তি দিয়ে বিষয়টা ব্যাখ্যা করতে হবে। চিন্তাটাকে তাৎক্ষণিকভাবে অন্যদিকে সরিয়ে ফেলতে হবে। হাঁটাহাঁটি করা, ঠান্ডা পানি খাওয়া বা অন্য যেকোনোভাবে নিজেকে ব্যস্ত রাখা যেতে পারে। যেকোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখাই রাগ প্রশমনের সবচেয়ে কার্যকর উপায়। সর্বোপরি নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।