রাঙামাটি চ্যাম্পিয়ন, প্রথমবার অংশ নিয়ে রানার্স আপ চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে অনুষ্ঠিত জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলা মহিলা ফুটবল দল। তবে প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্স আপ হয়েছে চট্টগ্রাম মহিলা দল।টুর্নামেন্টে দুই খেলায় জিতলেও তারকাখচিত শক্তিশালী রাঙামাটি দলের কাছে হেরেছে চট্টগ্রাম। অপরদিকে সব খেলায় জিতে ঢাকায় সুপার লিগে খেলার সুযোগ পেয়েছে রাঙামাটি জেলা দল।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় খাগড়াছড়িতে ১০-১৪ জুলাই পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের পাঁচজন খেলোয়াড়সমৃদ্ধ রাঙামাটি জেলার কাছে দাঁড়াতে পারেনি অন্য দলগুলো।তবে নবাগত হয়েও টুর্নামেন্টে ভালো করেছে চট্টগ্রাম। ১১ জুলাই চট্টগ্রাম তাদের প্রথম ম্যাচে লক্ষ্মীপুর জেলার বিপক্ষে ৭-০ গোলে জয় পায়। কিন্তু এর পরদিন ২য় ম্যাচে শক্তিশালী রাঙামাটি জেলার কাছে ৫-০ গোলে হেরে যায়। ১৩ জুলাই নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক খাগড়াছড়িকে ১-০ গোলে হারিয়ে চট্টগ্রাম রানার্স আপ হয়।চট্টগ্রামের অধিনায়ক মিলি বড়ুয়া মোট ৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। ১৬ খেলোয়াড় নিয়ে গঠিত চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ছিলেন নজরুল ইসলাম, প্রধান কোচ আবু ছরওয়ার, সহকারী কোচ দেবেন্দ্র চৌধুরী। উল্লেখ্য, সমগ্র বাংলাদেশে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৭টি জেলাকে আটটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। আট অঞ্চলের চ্যাম্পিয়ন দল এবং গত মৌসুমের জাতীয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ মোট ১০টি দলকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্বের সুপার লিগ অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি অঞ্চলের (চট্টগ্রাম বিভাগ) খেলায় চ্যাম্পিয়ন দল হিসেবে রাঙামাটি জেলা ঢাকায় চূড়ান্ত পর্বের সুপার লিগে খেলবে। এই টুর্নামেন্টে খাগড়াছড়ি অঞ্চলে অংশ নেওয়া পাঁচ জেলা দল হলো স্বাগতিক খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর , ফেনী। প্রথমবারের মতো অংশ নিয়েই রানার্স আপ হওয়ায় চট্টগ্রাম জেলা মহিলা ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্স আপ হয়ে চট্টগ্রাম জেলা মহিলা ফুটবল দল নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। দলের খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ তিনি আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান।