রাস্তায় রাস্তায় পর্যটকেরা দলবেঁধে ঘুরছেন। কেউ ছবি তুলছেন আর কেউ কেউ কাপ্তাই হ্রদের অপার সৌন্দর্য উপভোগ করতে চড়ে বসেছেন নৌকায়। কয়েক দিন ধরে এটাই ছিল শৈল-শহর রাঙামাটির চিত্র। ঈদের ছুটিতে রাঙামাটি পরিণত হয়েছিল পর্যটকদের শহরে। হোটেল-মোটেলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়।১৫ আগস্ট থেকে সরকারি ছুটি শুরু হলেই রাঙামাটি শহর ফাঁকা হতে থাকে। টানা ছুটির কারণে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী স্বজনদের সঙ্গে ঈদ করতে চলে যান নিজ নিজ এলাকায়। অপর দিকে আদিবাসীরাও গ্রামে চলে যায় ছুটি কাটাতে। তবে তাঁদের শূন্যতা পূরণ করেছেন পর্যটকেরা। গত এক সপ্তাহেরও বেশি সময়জুড়ে শহরের হোটেল, মোটেল আর সরকারি বিশ্রামাগার ছিল পর্যটকে পরিপূর্ণ। গতকাল শনিবার পর্যন্ত ছিল একই অবস্থা। এ ছাড়া ছুটির প্রতিটি দিনে পর্যটকেরা ঘুরে গেছেন রাঙামাটি। অনেকে কয়েক দিন থাকার ইচ্ছে নিয়ে এসেও ফিরে গেছেন রাতযাপনের ব্যবস্থা করতে না পারায়। আবাসিক সমস্যাসহ পর্যটনসুবিধার অপ্রতুলতায় অনেক পর্যটক হতাশ হয়েছেন।আবাসিক হোটেলের অপর্যাপ্ততার সুযোগে বহু হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা থেকে বেড়াতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৬) জানান, শহরের রিজার্ভ বাজারের একটি সাধারণ হোটেলে দুই বিছানার একটি কক্ষের ভাড়া দিতে হচ্ছে দৈনিক দুই হাজার টাকা করে।হোটেল গ্রিন ক্যাসেলের ব্যবস্থাপক চন্দন দাশ বর্মণ বলেন, ‘আমাদের কাছেও সাধারণ হোটেলগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। বিষয়টি রাঙামাটি হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হবে। এ ধরনের অব্যবস্থাপনা চলতে থাকলে রাঙামাটির পর্যটনশিল্পে বিরূপ প্রভাব পড়তে পারে।’কেবল থাকার অসুবিধা নয়, হ্রদের পরিবেশ দূষণ এবং রেস্তোরাঁর খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বহু পর্যটক। হ্রদের ধারে গড়ে ওঠা বস্তি ও বাজার থেকে ফেলা ময়লা-আবর্জনা পর্যটকদের বিরক্তির কারণ হয়েছে। বহু পর্যটক হ্রদের এই দূষণ দেখে হতাশ হয়েছেন। এ ছাড়া শহরের হোটেল, রেস্তোরাঁগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবও পর্যটকদের ভ্রমণে স্বাচ্ছন্দ্যহানি ঘটিয়েছে। তবে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য এই সব সমস্যার কথা ভুলিয়ে দিয়েছে অনেকখানিই। ছুটির দিনগুলোতে ঝুলন্ত সেতু, রাজবন বিহার এলাকা, সুবলং ঝরনাসহ সব পর্যটনকেন্দ্রে ছিল পর্যটকদের ভিড়। অনেকে ট্রলারে করে কাপ্তাই হ্রদও ঘুরে দেখেছেন।