রাঙামাটি জেলা পরিষদের ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১০-১১ অর্থবছরের জন্য ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। গত বছরের চেয়ে এ বাজেটে সাত কোটি ৩০ লাখ টাকা বেশি। গত মঙ্গলবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সংস্থাপন ব্যয় তিন কোটি ৫০ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ৩৬ কোটি ৫০ লাখ টাকা রাখা হয়েছে। উন্নয়ন বাজেটের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে, ১০ কোটি ৯৫ লাখ টাকা। এরপর যোগাযোগ খাতে সাত কোটি ৩০ লাখ টাকা। পূর্ত, কৃষি ও মৎস্য খাতে তিন কোটি ৬৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং ধর্ম ও প্রাণিসম্পদ খাতে এক কোটি ৮২ লাখ ৫০ হাজার করে, বৃক্ষরোপণ ও বনায়নে এক কোটি ৪৬ লাখ, সামজকল্যাণ, আর্থসামাজিক ও নারী উন্নয়নে এক কোটি নয় লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া পর্যটন, ক্রীড়া ও সংস্কৃতি এবং ত্রাণ ও পুনর্বাসন খাতে ৭৩ লাখ করে, ভূমি ও হাটবাজার এবং বিবিধ খাতে ৩৬ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জানান, ‘এসব বরাদ্দ সরাসরি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ব্যয় করবে। জেলা পরিষদে হস্তান্তরিত বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও উন্নয়ন কর্মসূচির জন্য পৃথক সরকারি বরাদ্দ রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অন্যান্য বিদেশি দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত কার্যক্রমের জন্যও জেলা পরিষদের আলাদা বরাদ্দ রয়েছে।