রাঙামাটি জেলায় হাটবাজার, দোকানপাট বর্জনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার থেকে আন্দোলনে নামছে জনসংহতি সমিতি। ওই দিন সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি জেলায় হাটবাজার ও দোকানপাট বর্জনের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিকে ‘অসহযোগ আন্দোলন’ ঘোষণা করে বিলি করা হয়েছে প্রচারপত্র। সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা আন্দোলনের প্রথম ধাপ।
বুধবার রাঙামাটি জেলায় হাটের দিন। এই দিন গ্রামের চাষিরা উৎপাদিত পণ্য বিক্রি করে সাপ্তাহিক নিত্যপণ্য কিনে নিয়ে যান। জনসংহতি সমিতির ঘোষণায় ওই দিন হাটবাজার ও অলিগলিতে সব ধরনের দোকানপাট বন্ধ রাখা এবং কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং বলেন, ‘সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক। তারা (জনসংহতি সমিতি) তাদের কাজ করতে চাইলে আমাদের করার কিছু নেই।’
গত বছরের ২৯ ডিসেম্বর পার্বত্যচুক্তির ১৭ বর্ষপূর্তির প্রাক্কালে ঢাকার একটি হোটেলে আয়োজিত সাংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সরকারের কাছে ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্যচুক্তি বাস্তবায়নের সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণার দাবি জানান। তা না হলে ১ মে থেকে ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেন।
সমিতির প্রচারপত্রে বলা হয়, পার্বত্যচুক্তি সইয়ের ১৮ বছর পূর্ণ হতে চলছে। অথচ সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি। ফলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি জটিল থেকে জটিলতর অবস্থার দিকে ধাবিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমি বিরোধ।
সমিতির নেতাদের অভিযোগ, ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস হওয়ার পর ১৪ বছর পার হলেও চুক্তির সঙ্গে আইনের বিরোধাত্মক ধারাগুলো সংশোধন করা হয়নি। এ বিষয়ে কয়েকবার বৈঠক হওয়ার পর ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনে সরকার ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ একমত হয়। সংশোধনী আইনটি জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে পাস হওয়ার কথা ছিল। কিন্তু ওই অধিবেশনের পর বাজেট অধিবেশনেও আইনের সংশোধনী পাস না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে।
শুধু রাঙামাটি জেলায় এক দিনের কর্মসূচি দেওয়া প্রসঙ্গে জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘আমরা তিন পার্বত্য জেলার সব জায়গায় এলাকাভেদে পৃথকভাবে আন্দোলনের ঘোষণা দেব। আর আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারপরও যদি সরকার চুক্তি বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে কঠিন ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘জনসংহতি সমিতি তাদের কর্মসূচি আমাদের জানায়নি। আমরা জানার চেষ্টা করব। তারপর কী করা যায় দেখব।’