রাঙামাটি জেলার ৫২০ নারী শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি দিনে আনি দিনে হেইদে মানুষ, হাম গরিনেও যুনি তিন মাস বেতন দে ন-অই হেনে গম থেবং’ (আমরা দিনে এনে দিনে খাই, কাজ করেও যদি তিন মাস বেতন দেওয়া না হয় তাহলে কীভাবে ভালো থাকি?) চাকমা ভাষায় এসব কথা বলছিলেন, রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত নারী শ্রমিক মঙ্গলা চাকমা (৩৪)। শুধু মঙ্গলা চাকমা নন, রাঙামাটি জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে নিয়োজিত ৫২০ জন নারী শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এতে তাঁদের চরম আর্থিক-সংকটে দিন যাপন করতে হচ্ছে। তবে রাঙামাটি এলজিইডি কর্তৃপক্ষ বলছে, ‘এ প্রকল্পের অবস্থা সারা দেশে একই। কয়েক মাস পরপর অর্থ ছাড় দেওয়া হয়।’স্থানীয় এলজিইডি সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য ১০টি উপজেলার ৫২০ জন দরিদ্র নারী শ্রমিক নিয়োজিত রয়েছে। তাঁদের দৈনিক মজুরি হিসেবে ৯০ টাকা দেওয়া হয়। এর মধ্যে নগদ ৫৪ টাকা এবং সঞ্চয় হিসেবে ব্যাংক হিসাবে জমা দেওয়া হয় ৩৬ টাকা। ব্যাংক হিসাবের টাকা মেয়াদ পূর্তির পর অথবা কোনো শ্রমিক অব্যাহতি চাইলে এক সঙ্গে দেওয়া হয়। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম বর্তমানে তিন বছর চলছে বলে জানা গেছে।একই ইউনিয়নের নারী শ্রমিক নাগরি চাকমা বলেন, ‘একসঙ্গে কয়েক মাসের বেতন পাওয়া গেলে সেসব টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। প্রতিদিন না হোক অন্তত প্রতি মাসে দেওয়া হলে টাকাগুলো পরিবারের ভরণপোষণে অনেক বেশি কাজে লাগত।’ মৈদুং ইউনিয়নের শ্রমিক রণজিতা চাকমা বলেন, ‘আমাদের মতো গরিব লোকেরা তিন-চার মাস পরপর বেতন পেলে সেই টাকাগুলো তেমন কাজে লাগে না। দৈনিক আয় আমাদের জন্য ভালো।’জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেনন চাকমা ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ‘মূলত ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এবং নারীনির্ভর পরিবারগুলোকে প্রাধান্য দিয়ে শ্রমিক নির্বাচন করা হয়। এসব শ্রমিকের কাজের সংস্থান ও আর্থিক সুবিধা দেওয়ার জন্যই গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পটি চালু করা হয়েছে। তাই তাঁদের বেতন ঠিক মতো দেওয়া উচিত।’ বৃহস্পতিবার এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মো. ছোহরাব আলী জানান, গত সপ্তাহে ডিসেম্বর পর্যন্ত নারী শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। সরকার থেকে মাসভিত্তিক বরাদ্দ না পাওয়ায় বেতন হালনাগাদ করা যায় না। তবে সরকার থেকে বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করা হয়।