রাঙামাটি থেকে রবীন্দ্রভারতী

বনরূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের এক ফাঁকে শিশু শ্রেণির শিক্ষার্থী ফিফাকে কোলে করে মঞ্চে তুলে দিলেন নৃত্যশিল্পী সঞ্চনা চাকমা। ওইটুকু মেয়ের নাচে মুগ্ধ দর্শকেরা। ফিফার মা–ও যেন বিশ্বাস করতে পারছিলেন না মেয়ের এমন উপস্থাপনা। না পারারই কথা। তিনি তো জানতেন না তখনো, তাঁর চোখ ফাঁকি দিয়ে প্রতিবেশী সঞ্চনার কাছে নিয়মিত নাচের তালিম নিয়েছে ছোট্ট ফিফা।
রাঙামাটির বনরূপায় ট্রাইবাল আদাম আবাসিক এলাকায় কাপ্তাই হ্রদের তীর ঘেঁষে ফিফা চাকমাদের গাছে ঘেরা বাড়ি। বাড়ির আঙিনায় বসে ফিফা চাকমার শৈশবের গল্পটি শোনালেন তাঁর মা রাখী দেওয়ান। তখন থেকেই পরিবারের সবার ধারণা ছিল ফিফা বড় হয়ে নৃত্যশিল্পী হবে। ফিফা চাকমা যেন সবার প্রত্যাশাকেও ছাপিয়ে গেছেন। ২০১৪ সালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে স্নাতকোত্তর করেছেন তিনি। ফলও ঈর্ষণীয়, হয়েছেন প্রথম বিভাগে দ্বিতীয়। সেখানে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অনেক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ টেলিভিশন, একুশে টিভি, এটিএন বাংলা ও এনটিভিতে নাচ পরিবেশন করে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। কৃতী এই নৃত্যশিল্পী বর্তমানে থিতু হয়েছেন নিজের শহর রাঙামাটিতে। করছেন আদিবাসী নাচের সুলুক সন্ধান। ৬ আগস্ট নিজ বাড়িতে বসে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তুলে ধরেন তাঁর বর্তমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
এখনকার ব্যস্ততা: বর্তমানে রাঙামাটিতে একটি নাচের স্কুল পরিচালনা করছেন ফিফা। এ ছাড়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালাও পরিচালনা করেন নিয়মিত। গত ২৬ জুলাই ২১ দিনব্যাপী এমন একটি নাচের কর্মশালা শেষ হয়। দাতব্য প্রতিষ্ঠান মোনঘরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় ৩৫ জন খুদে শিল্পী অংশ নিয়েছিল। এ ছাড়া আদিবাসী সাংস্কৃতিক সংগঠন জুম ইসথেটিকস কাউন্সিলের নাচের প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। জাতীয় দিবসসহ স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন নিয়মিত।
নাচে হাতেখড়ি: নাচের হাতেখড়িটা হয়েছিল শিল্পী সঞ্চনা চাকমার কাছে। এরপর নাচ শেখেন হুিমায়ূন কবীরের কাছে। ১৯৯৬ সালে বাংলাদেশ শিশু একাডেমীর নাচের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান মাত্র ছয় বছর বয়সে। এসএসসি পাস করে ঢাকার হলিক্রস কলেজে ভর্তি হয়ে শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের ‘নৃত্যাঞ্চলে’ নাচের তালিম নেন।

লেখাপড়ার পাশাপাশি নাচটা চালিয়ে যেতে উৎসাহ দেন তাঁর বাবা ব্যাংক কর্মকর্তা সুভাষ চাকমা। বাবা নিজের হাতে তাঁর জন্য ঘুঙুর তৈরি করে দিতেন। নাচ শেখার বড় অনুপ্রেরণা ছিলেন তিনি। এমনকি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির জন্য ফরমও পূরণ করেন বাবা। তবে ফিফার সেখানে সুযোগ পাওয়ার খবর শুনে যেতে পারেননি তিনি। শিক্ষাবৃত্তি পাওয়ার চার দিন আগে ২০০৯ সালের ১৫ জুলাই মারা যান তিিন। আর বাবার শেষকৃত্যের পরদিন ফিফাকে রওনা দিতে হয় ভারতের পথে। তখন একদিকে বাবাকে হারানোর বেদনায় কাতর তিনি, অন্য দিকে স্বপ্নপূরণের আনন্দও ছিল।
রবীন্দ্রভারতীর স্মৃতি: রবীন্দ্রভারতী ক্যাম্পাসে প্রথম পা রেখেই মনে হচ্ছিল স্বপ্ন দেখছেন। সেখানে ভর্তির প্রথম দিনই ক্লাস শুরু হয়। শ্রেণিকক্ষে তখন ড. মহুয়া মুখোপাধ্যায় পড়াচ্ছিলেন ‘হিস্ট্রি অব ড্যান্স’। প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নাচের তালিম নিয়েছেন নৃত্যশিল্পী মধুরীমা ও নন্দিনী চক্রবর্তীর কাছে। শিক্ষক হিসেবে পেয়েছেন অভিজিৎ রায়, অমিতা দত্ত, জয়ন্ত মুখার্জী, শুভাশীষ ভট্টাচার্য ও শ্রুতি বন্দ্যোপাধ্যায়কে।
ভবিষ্যৎ পরিকল্পনা: ভবিষ্যতে উচ্চাঙ্গ ও আদিবাসী নৃত্যের ওপর কাজ করতে চান ফিফা চাকমা। বিশেষ করে এ অঞ্চলের ঐতিহ্য আদিবাসী নাচের শেকড়ের সন্ধানে কাজ করার ইচ্ছে আছে তাঁর। পাশাপাশি আদিবাসী নৃত্যকলাকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্নও দেখেন তিনি।