রাঙামাটি পাবলিক কলেজের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন শ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে রাঙামাটি পাবলিক কলেজ। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এই কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এ উপলক্ষে ৭ জুলাই শহরের তবলছড়িতে অবস্থিত কলেজের অস্থায়ী ক্যাম্পাসে জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা রাঙামাটি পাবলিক কলেজ জেলার সার্বিক শিক্ষার অগ্রগতিতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, একটি মহল রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করছে। মহলটি এ এলাকার জনগণকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখতে চায়। তিনি বলেন, দৃষ্টিভঙ্গি ইতিবাচক না হলে স্থানীয় জনগণসহ সমগ্র জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দীপংকর তালুকদার আরও বলেন, অনগ্রসসর ও পশ্চাদপদ এলাকা হিসেবে মেডিকেল কলেজে কোটা বাড়ানোর আলোচনা হতে পারে। কিন্তু মেডিকেল কলেজের প্রয়োজন নেই, এটা একেবারেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি।
জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, কলেজের শিক্ষার্থীদের নিজ ক্ষেত্রে রাজনীতি করার অধিকার থাকলেও কলেজ ক্যাম্পাস হবে রাজনীতিমুক্ত। এখানে কোনো রাজনীতির চর্চা করা যাবে না। পার্বত্য মন্ত্রণালয় থেকে কলেজের উন্নয়নে আট কোটি টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি ও সংগঠন অনুদান দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া তিনি আরও বলেন, আগামী বছর থেকে কলেজে বিজ্ঞান শাখায়ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার আমেনা বেগম, রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী, শিক্ষানুরাগী এ কে দেওয়ান প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটির শহরতলি আসামবস্তি নারকেলবাগান এলাকায় রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্মাণের কাজ চলছে। তবে কলেজের অবকাঠামো নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত তবলছড়ি এলাকার রাঙামাটি বিয়াম স্কুলে শিক্ষা কার্যক্রম চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।