রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি—এই তিন প্রভাবশালী রাজনৈতিক দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে এবার। নির্বাচনে মেয়র পদে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে দল তিনটি। তবে শেষ পর্যন্ত কোন দলের হাতে যাবে পৌরসভার চাবি, তা দেখতে অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
পৌর নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, জনসংহতির সমিতির সমর্থন পেয়েছেন গঙ্গা মানিক চাকমা ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রবিউল আলম।
রাঙামাটি পৌরসভার বর্তমান মেয়র বিএনপি–দলীয়। এর আগে পরপর দুই মেয়াদে এই পদে জয়ী হয়েছিল আওয়ামী লীগ। এর আগে পৌর নির্বাচনে অংশ নেয়নি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তবে সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন এই দলের প্রার্থীরা। এই জয়ের ধারা পৌর নির্বাচনেও অব্যাহত রাখতে চায় সন্তু লারমার নেতৃত্বাধীন দলটি।
সরকারি দল আওয়ামী লীগ ও জাতীয় রাজনীতিতে প্রভাবশালী দল বিএনপি প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হওয়াকে বড় সুযোগ হিসেবে মনে করছে। তবে জনসংহতি সমিতির নেতাদের মতে, এই দুটি রাজনৈতিক দলের ওপর রাঙামাটির অধিকাংশ ভোটার ক্ষুব্ধ। সে ক্ষোভ কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণি পার হতে চায় দলটি।
জেলার রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দুই বছর ধরে ভোটের রাজনীতিতে বড় ধরনের উত্থান ঘটেছে জনসংহতি সমিতির। জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে বিপুল ভোটে পরাজিত করতে সক্ষম হয়েছে আঞ্চলিক দলটি। জেলার ১০টি উপজেলার সাতটিতে প্রতিদ্বন্দ্বিতা করে রাঙামাটি সদরসহ পাঁচটি উপজেলা পরিষদে জয়লাভ করেছেন জনসংহতি সমিতি–সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
অন্যদিকে, মাত্র দুটি উপজেলা পরিষদে জয়লাভ করেছে সরকারি দল আওয়ামী লীগ। রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তৃতীয়। এর আগে জাতীয় সংসদ নির্বাচনেও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছে হেরেছে দলটি। বিগত পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী হয়েছিলেন তৃতীয়। এ অবস্থায় পৌরসভা নির্বাচনে জয়ের বিকল্প কোনো কিছু ভাবছে না দলটি।
বিএনপি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও অংশ নিয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। জেলার দুটি উপজেলা পরিষদে দলীয় প্রার্থীরা জয়লাভ করেছেন। এ ছাড়া সদর উপজেলাসহ তিনটি উপজেলা পরিষদে দলীয় প্রার্থীরা ছিলেন দ্বিতীয় অবস্থানে। এর আগে বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী বিপুলভাবে জয়লাভ করে। এখন সেই জয় ধরে রাখতে বিএনপি মরিয়া। দলটির লক্ষ্য পৌরসভা নির্বাচনে জয়লাভ করে দলীয় নেতা-কর্মীদের চাঙা করে তোলা।
নির্বাচনে জয়লাভের ব্যাপারে তিনটি দলের নেতারা আশাবাদী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘আমরা আশাবাদী আমাদের দলীয় প্রার্থী পৌর নির্বাচনে জয়লাভ করবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আমরা সুবিধা পাব।
কারণ, অনেক ভোটার রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের পক্ষে থাকবে। নতুন প্রজন্মের ভোটাররাও আওয়ামী লীগকে ভোট দেবে।’
জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিরাট সুযোগ। কারণ, বিগত পৌরসভা ও উপজেলা পরিষদের ফলাফল প্রমাণ করে শহর এলাকায় ভোটারদের মধ্যে বিএনপির সমর্থক বেশি। এবারও বিএনপি পৌরসভার মেয়র পদে জয়লাভ করবে বলে আমরা আশাবাদী।’
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা বলেন, ‘আমাদের সমর্থিত প্রার্থী গঙ্গা মানিক চাকমার গ্রহণযোগ্যতা রয়েছে সুশীল সমাজে। তা ছাড়া রাঙামাটিতে অধিকাংশ ভোটার আওয়ামী লীগ ও বিএনপির দলীয় রাজনীতির প্রতি আস্থাশীল নন। তাঁরাই আমাদের প্রার্থীকে ভোট দেবেন।’
রাঙামাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পরপর দুবার বিজয়ী কাউন্সিলর রবিউল আলম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ড কাউন্সিলর হলেও গত মেয়াদে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করায় তিনি সবার কাছে পরিচিত। তিনি বলেন, পরপর দুই মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সুবাদে নিজের ওয়ার্ডে অনেক উন্নয়নকাজ করেছেন। তাই ভোটাররা তাঁকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করবে।