রাঙামাটি ভালোবাসা দিবসে নারীর প্রতি সংহতি জানিয়ে ফ্ল্যাশ মব
রাঙামাটিতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ওয়ান বিলিয়ন রাইজিং বা উদ্যমে উত্তরণে শতকোটি শীর্ষক বিশ্বব্যাপী একটি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় উন্নয়ন সংস্থা সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিংয়ের (স্পার্ক) উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল তিনটার দিকে রাঙামাটি শহরের মোনঘর আবাসিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফ্ল্যাশ মবে উপস্থিত ছিলেন স্পার্কের নির্বাহী পরিচালক মুক্তা শ্রী চাকমা, কর্মসূচি সমন্বয়ক নুকু চাকমা ও মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির চাকমা।
মোনঘর আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দাবি জানান। আয়োজিত নৃত্যানুষ্ঠানে মোনঘর আবাসিক বিদ্যালয়ের ১৪ ভাষাভাষী সম্প্রদায়ের প্রায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। ফ্ল্যাশ মবের অনুষ্ঠানকে ঘিরে শত শত দর্শক ভিড় করেন।
স্পার্কের কর্মসূচি সমন্বয়ক নুকু চাকমা বলেন, সারা বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন নারী প্রতি এক মিনিটে সহিংসতার শিকার হন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই দিনটিকে ওয়ান বলিয়িন রাইজিং ডে হিসেবে জাতিসংঘ ঘোষণা দেয়।
স্পার্কের নির্বাহী পরিচালক মুক্তা শ্রী চাকমা জানান, এ ধরনের অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে প্রথম। এই অনুষ্ঠান আয়োজন করার অন্যতম কারণ হলো এ অঞ্চলে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। সচেতনতা সৃষ্টি লক্ষ্যে এ ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে।