রাঙামাটিতে অটোরিকশাচালকদের ধর্মঘটের হুমকি কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্সবিহীন (অনুমতিপত্র) চালক ও অনুমতিবিহীন অটোরিকশা চালানো বন্ধ, চাঁদের গাড়ি (হুডখোলা জিপ) শহর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা ও যাত্রী ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আগামী বুধবার থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে শ্রমিক ইউনিয়ন এ হুমকি দিয়েছে। আদিবাসী যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরেশ মজুমদার জানান, রাঙামাটি শহর এলাকার অভ্যন্তরে চলাচলকারী একমাত্র যান অটোরিকশা। এই অটোরিকশাচালকেরা দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এসব হয়রানিসহ নানা অনিয়মের বিষয়ে ইতিপূর্বে জেলা প্রশাসক ও বিআরটিএর সভাপতির বরাবরে চারবার আবেদন করা হয়েছে। কিন্তু সুরাহার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজকের মধ্যে দাবি মানা না হলে কাল থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরেশ মজুমদার জানান, চালকদের বৈধ লাইসেন্স এবং অটোরিকশা চলাচলের অনুমতি থাকা সত্ত্বেও রাঙামাটির চালকেরা কাউখালী উপজেলায় গেলে তাঁদের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকার জিপচালকেরা মারধর করেন। অথচ সেখানকার অবৈধ চাঁদের গাড়িগুলো রাঙামাটি শহরের আনাচে-কানাচে ঢুকে পরিবেশদূষণ করে।অটোরিকশার শ্রমিকদের দাবি, রাঙামাটি শহরে নির্ধারিত ভাড়া প্রতি স্তরে (দূরত্ব ও স্থান ভেদে) যাত্রীপ্রতি চার টাকা করে বাড়াতে হবে। তাঁদের অভিযোগ, অটোরিকশার ভাড়া দৈনিক ২৫০ টাকা নির্ধারিত থাকলেও মালিকেরা ৩২০ টাকা পর্যন্ত আদায় করছেন। ফলে চালকদের পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।যোগাযোগ করা হলে আদিবাসী যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিপাশ দেওয়ান বলেন, ‘আমরা পৃথক সংগঠন হলেও একই স্থানে কাজ করি। আমাদের সমস্যাও এক। তাই আমরাও প্রায় একই ধরনের দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’রাঙামাটি শহরে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ৮৫০ জন এবং আদিবাসী যান্ত্রিক পরিবহন সমবায় সমিতির ১৫০ জন তালিকাভুক্ত চালক রয়েছেন বলে সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে।যোগাযোগ করা হলে জেলা প্রশাসক ও বিআরটিএর রাঙামাটি জেলা সভাপতি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী শ্রমিক ইউনিয়নের দাবিসংবলিত আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শ্রমিক, মালিকসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানান।