রাঙামাটিতে আন্তর্জাতিক পর্বত দিবস উদ্যাপন

পার্বত্য অঞ্চলের জন্য নীতিমালা ও পরিকল্পনা গ্রহণের আহ্বানের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর রাঙামাটিতে প্রথমবার আন্তর্জাতিক পর্বত দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে ইউএনডিপির সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মিনি ম্যারাথন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘পর্বত: একটি টেকসই ভবিষ্যতের চাবি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পর্বত একটি সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন, বন্যা, জলোচ্ছ্বাসসহ জলবায়ু পরিবর্তন রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, পাহাড়বাসীর জীবনযাত্রার মান উন্নয়নসহ সমতলবাসীর সুপেয় পানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী রবার্ট স্টলমেন ও বেসরকারি সংস্থা হিমাওয়ান্তির চেয়ারপারসন টুকু তালুকদার। প্রতিপাদ্যের সারসংক্ষেপ তুলে ধরেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইরফান শরীফ।