রাঙামাটিতে উৎসবের আমেজে আই-ক্যাম্প
‘আমি ইন্টারনেট ব্যবহার করি, তবে তেমন পারি না। এ অনুষ্ঠানে এসে অনেক শিখলাম। আশা করি, এবার আরও ভালোভাবে ব্রাউজ ও নতুন কিছু শিখতে পারব।’ বলছিল, প্রথম আলো-গ্রামীণফোনের উদ্যোগে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত আই-ক্যাম্পে (ইন্টারনেট ক্যাম্প) অংশ নিতে আসা বিদ্যালয়ের প্রভাতি শাখার নবম শ্রেণীর ছাত্রী চিন্নি চাকমা। ৮ জুলাই উৎসবের আমেজে এই আই-ক্যাম্পে দশম শ্রেণীর জারিন তাসনিম, নবম শ্রেণীর সপ্তর্ষি চাকমাসহ অংশগ্রহণকারী ছাত্রীরা জানায় ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু শেখা এবং বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসার কথা। আই-ক্যাম্পে ইন্টারনেট ব্যবহার বিষয়ে নানা প্রশিক্ষণ ও বক্তব্যের ফাঁকে বিদ্যালয়ের চাকমা, বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখো সমপ্রদায়ের শিক্ষার্থীরা নিজেদের ভাষায় গান গেয়ে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত করে তোলে। এর আগে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আই-ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে জ্ঞান আহরণ ও নিজেদের বিশ্ব-নাগরিক হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠানগুলোতে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাঙামাটির আই-জিনিয়াস মাহিম আনজুম শিক্ষার্থীদের সামনে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে।এ সময় আধুনিক জীবনে শিক্ষা, যোগাযোগ ও জ্ঞান আহরণে ইন্টারনেটের ইতিবাচক ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ আহমেদ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল মতিন, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরিৎ কান্তি চাকমা, প্রথম আলো রাঙামাটির নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা ও রাঙামাটি বন্ধুসভার সভাপতি উথান মারমা।