
প্রতিবছরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজ। প্রাথমিক সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতবারও রাঙামাটিতে শীর্ষে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি।
এবার পিএসসিতে ৯৯ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন ও ‘এ’ গ্রেড পেয়েছে ৩৭ জন। জেএসসিতে অংশ নেয় ৯৫ জন। এর মধ্যে ৪৩ জন জিপিএ-৫ ও ৫২ জন ‘এ’ গ্রেড পেয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ মো. আবদুল মতিন বলেন, ‘শিক্ষক ও ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবোধ শিক্ষার উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। সাফল্যের ধারাবাহিকতায় তিন পার্বত্য জেলায় এবারও আমরা সেরা ফলাফল অর্জন করেছি।’ তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা যেমন: ক্রীড়া, সংস্কৃতি, বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীদের জন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
এদিকে রাঙামাটি জেলায় পিএসসিতে পাসের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ। পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৯৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৫৫ জন। এ ছাড়া জেএসসিতে পাসের হার ৭৫ শতাংশ। পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৮৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন।