রাঙামাটিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুব ভোরে ঘুম থেকে উঠে কলা, পেঁপে আর কিছু সবজি নিয়ে রাঙামাটি আসার পথে কচুরিপানায় আটকা পড়েছিলাম। শহরে (রাঙামাটি) পৌঁছালাম এই মাত্র। এখন এতগুলো ফলমূল কীভাবে বিক্রি করব। সওদাগরেরা সবাই চলে গেছেন।’ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের খারিখ্যং গ্রামের চন্দ্রমণি চাকমা (৪২) ৩ নভেম্বর বেলা একটায়। ট্রলারে (ইঞ্জিনচালিত দেশি নৌকা) করে ভোরে রওনা দিয়ে কাপ্তাই হ্রদের কচুরিপানায় আটকে যাওয়ায় ঠিক সময়ে হাটে আসতে না পারায় ক্ষুব্ধ হন তিনি। বুধবার রাঙামাটির বনরূপা, রিজার্ভবাজার ও তবলছড়ি বাজারে হাটের দিন। হাটে আসার পথে চন্দ্রমণি চাকমা ছাড়াও বিভিন্ন গ্রাম থেকে আসা অনেক চাষি তাঁদের উৎপাদিত পণ্য ঠিক সময়ে হাটে আনতে পারেননি। কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে কচুরিপানা জমে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে তাঁরা জানান। প্রশাসনের পক্ষ থেকে মানুষের দুর্ভোগের কথা নিশ্চিত করলেও এখনো কচুরিপানা অপসারণে তেমন উদ্যোগ নেই বলে জানান ভুক্তভোগীরা। জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা, বালুখালী, জীবতলী ইউনিয়নের লোকজন এবং সাপছড়ি, মগবান ও কুতুবছড়ি ইউনিয়নের অন্তত দেড় লাখ লোকের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এসব ইউনিয়নের লোকজন সাপ্তাহিক হাটের দিনে তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে শহরে আসেন এবং ফেরার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যান। শুধু গ্রাম এলাকায় নয়, রাঙামাটি শহরের চারপাশেও কচুরিপানা জমে নৌযান ভেড়াতে কষ্ট হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শহরের বনরূপা সমতাঘাট, রাজবাড়ি এলাকা, ফিশারিঘাট, রিজার্ভবাজার, তবলছড়ি লঞ্চঘাট, আসামবস্তিসহ প্রায় এলাকায় প্রচুর কচুরিপানা জমে আছে।আসাম বস্তি এলাকার মো. ওসমান আলী বলেন, ‘কচুরিপানার কারণে নদীতে গোসল করা পর্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এক কিলোমিটার জায়গাজুড়ে কচুরিপানা জমে গেলে সেগুলো আর নাড়ানো যায় না।’জানা গেছে, মাছ ধরার পর অনেক জেলে সেই মাছ শহরে আনতে না পারায় তা পচে যায়। ফলে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। মৎস্যজীবী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দীলিপ নাথ জানান, কচুরিপানার কারণে অনেক জেলে হ্রদে জাল ফেলতে পারছেন না। আবার অনেকে মাছ ধরে ঠিকভাবে শহরের অবতরণঘাটে আনতে পারছে না। বালুখালী ইউনিয়নের পুণ্যসেন চাকমা (৪৮), সাপছড়ি ইউনিয়নের দ্রুবজ্যোতি চাকমাসহ (৩২) অনেকে জানান, গত প্রায় এক মাস তাঁদের গ্রামের চারপাশের নদীতে কচুরিপানা এসে জমে যাওয়ায় নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা কচুরিপানা অপসারণে কয়েক বছর আগেও এক রকম ওষুধ ছিটানো হতো। কিন্তু গত দু-তিন বছর কোনো ওষুধ ছিটানো হচ্ছে না। অনেকে কচুরিপানা তুলে পরিষ্কার করলেও তা পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তাজা হয়ে ওঠে। জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথম আলোকে জানান, কচুরিপানার কারণে মানুষজনের দুর্ভোগের কথা বিভিন্ন উপজেলা থেকে জানানো হয়েছে। অনেক উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা কচুরিপানা মাটিতে তুলে নদীপথ পরিষ্কার করেছেন। কিন্তু সেটা স্থায়ী সমাধান নয়।তিনি জানান, বিষয়টি তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীকেও বলেছেন। মন্ত্রী কচুরিপানা দিয়ে সার উৎপাদনের প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তবে সেটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।