রাঙামাটিতে কৃষিপণ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে দুই দিনব্যাপী কৃষিপণ্য মেলা গত সোমবার শেষ হয়েছে। আধুনিক কৃষিপ্রযুক্তি ও তথ্য ব্যবহার বাড়ানো, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার লক্ষ্যে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা আদিবাসী উন্নয়ন কেন্দ্র (সিআইপিডি) এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগের উপপরিচালক কাজল তালুকদার। তিনি কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কীটনাশকমুক্ত পণ্যের প্রচার ও প্রসারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন সিআইপিডির প্রধান নির্বাহী জনলাল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা পবন কুমার চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল আহাদ সরদার, রাঙামাটি কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক তপন কুমার পাল ও ইউএনডিপি প্রতিনিধি দিপান্বিতা চাকমা।মেলায় সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ২৫টি পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) অংশ নেয়। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও কৃষিতথ্য সার্ভিস মেলায় অংশ নেয়। মেলার প্রথম দিনে জেলা কৃষিতথ্য সার্ভিসের পক্ষ থেকে কৃষি বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয় সাপছড়ি ইউনিয়নের মরংছড়িপাড়া উন্নয়ন কমিটি (পিসিডি)। শ্রেষ্ঠ পণ্য নির্বাচিত হয় বন্দুকভাঙ্গা ইউনিয়নের চারিক্ষং পিডিসি উৎপাদিত মধু। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে মগবান ইউনিয়নের রন্যাছড়ি পিডিসি ও সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি বড়পাড়া পিডিসি। মেলায় বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শনীর পাশাপাশি বিক্রির ব্যবস্থাও ছিল।