রাঙামাটিতে কৃষিপণ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও বড় বড় কাঁঠাল, কোথাও টসটসে আনারস, আম, লিচুসহ নানা মৌসুমি ফলের সমাহার, সঙ্গে নানা শাকসবজি। এসব কৃষিপণ্য দেখতে ও কিনতে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে স্থাপিত ২৫টি অস্থায়ী বিক্রয়কেন্দ্রে মানুষের ভিড়। আয়োজক সংস্থার স্বেচ্ছাসেবকদের বারণ সত্ত্বেও অনেকে মেলা উদ্বোধনের আগে এসব পণ্য বেচাকেনা শুরু করে দিয়েছেন।গত সোমবার সকালে দুই দিনের কৃষিপণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমন অবস্থা দেখা গেছে। মেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের ‘জনসমষ্টির ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের’ অর্থায়নে স্থানীয় উন্নয়ন সংস্থা সিআইপিডি এ মেলার আয়োজন করে।মানসম্পন্ন পণ্য উত্পাদন, উত্পাদক ও ভোক্তার সম্পর্ক স্থাপন, কৃষিবিদ ও কৃষিজীবীদের মধ্যে মতবিনিময়, তৃণমূল পর্যায়ে কৃষকদের উত্পাদনে কৃষিবিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য অবহিতকরণের মাধ্যমে কৃষিজ উত্পাদন বৃদ্ধি এবং উত্পাদিত পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি শহরে এ মেলার আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কৃষিপণ্য মেলা-২০১২ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল আহাদ সরদার, ইউএনডিপির কর্মসূচি কর্মকর্তা সুপ্রিয় ত্রিপুরা, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কর্মকর্তা টুকুমণি চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুন্নেসা।মেলার দুই দিনে আলোচনা সভা, কৃষিপণ্য প্রদর্শন ও বেচাকেনার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আয়োজকেরা জানান, মেলায় রাঙামাটি সদর উপজেলার ২৫টি পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) এবং প্রাণিসম্পদ বিভাগ ও কৃষি তথ্য সার্ভিস অংশগ্রহণ করে। মেলায় একটি বড় ও পুষ্ট কাঁঠালকে শ্রেষ্ঠ পণ্য এবং তিনটি পিডিসিকে পণ্যের গুণগত মানের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।