রাঙামাটিতে কৃষিপণ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা জাতের আম, কাঁঠাল, পেঁপে, আঙুর, আনারস, মাশরুমসহ দুই শতাধিক কৃষিপণ্য নিয়ে গত সোমবার রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে শুরু হয় দুই দিনব্যাপী চতুর্থ কৃষিপণ্য মেলা। রাঙামাটি সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি গ্রাম উন্নয়ন কমিটি এ মেলায় অংশগ্রহণ করে। কৃষিপণ্য উৎপাদনে স্থানীয় চাষিদের উৎসাহিত করা এবং কৃষিপণ্য সংরক্ষণ, বিপণনের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) মেলার আয়োজন করে।সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, কৃষকদের পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভ্যাস গড়ে তুলতে হবে। এ ছাড়া কৃষকদের কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ ও চাহিদা নিরূপণ সুবিধার জন্য ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র ও কৃষি তথ্য সার্ভিসকে সেবাদানে তৎপর হতে হবে। রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ শান্তনু বড়য়া, উপজেলা কৃষি কর্মকর্তা আফ্রু মারমা এবং সিআইপিডির সভাপতি অধ্যাপক মংচানু চৌধুরী। মেলায় পাড়া উন্নয়ন কমিটি ছাড়াও রাঙাপানি বুনন দল নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করেছে। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস নিজেদের স্টলে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ে চাষিসহ আগ্রহী সাধারণ লোকজনকে অবহিত করেছেন।রাঙামাটি পৌরসভার তঞ্চঙ্গ্যাপাড়া উন্নয়ন কমিটির সভাপতি কল্পরঞ্জন তঞ্চঙ্গ্যা জানান, ৭৩ রকমের কৃষিপণ্য প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে আঙুর, আমের মধ্যে দুই জাতের রাঙ্গুই, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা এবং ৩৫ কেজি ওজনের কাঁঠাল, বিভিন্ন জাতের পেঁপে, ২৫০ গ্রাম ওজনের প্রাকৃতিক মাশরুম। গত মঙ্গলবার মেলা শেষ হয়। এই আয়োজনে সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প।